তাজউদ্দীন আহমদ: ৯৪তম জন্মদিনের শুভেচ্ছা

Comments

২৩ জুলাই, ২০১৯, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৪তম জন্মদিন। বাংলাদেশের প্রথম সরকারের নেতৃত্ব দেন ক্ষুরধার মস্তিষ্কের এই রাজনীতিক।

১৯২৫ সালের আজকের এই দিনে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তাজউদ্দীন আহমদ। যুক্তফ্রণ্টের প্রার্থী হয়ে ১৯৫৪ সালের নির্বাচনে জয় লাভ করেন। মাত্র ২৯ বছর বয়সেই আলোচনায় উঠে আসেন তাজউদ্দীন। ১৯৬৬, ৬৮, ৭০ সালে টানা তিনবার নির্বাচিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হয়ে উঠেন বঙ্গবন্ধুর নির্ভরতার জায়গা।

বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দীন

পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন তাজউদ্দীন। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধের পুরো সময় ছুটে বেড়িয়েছেন তিনি। স্বাধীন বাংলাদেশে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়া তাজউদ্দিন স্বপ্ন দেখেছিলেন সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার। সব মানুষের সমান অধিকারে বিশ্বাসী এই নেতা আমৃত্যু মাথা নত করেননি সাম্রাজ্যবাদের কোনো হুমকির কাছেই।

১৫ আগস্ট, ১৯৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর হত্যাকারীদের নির্দেশে তাজউদ্দীন আহমদকে গৃহবন্দী করা হয়। ২৩ আগস্ট সামরিক আইনের অধীনে তাজউদ্দীন আহমদ-সহ জাতীয় চার নেতাকে গ্রেফতার করা হয়। ৩ নভেম্বর, ১৯৭৫, কারাগারের ভিতরে তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মোঃ মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে জেলহত্যা নামে কুখ্যাত হয়ে আছে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.