সাড়ে ৫ বছর হয়ে গেলেও তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার হয়নি। ত্বকী হত্যার বিচারের দাবিতে সাড়ে ৫ বছর যাবত মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচী পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
তারই ধারাবাহিকতায় সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ সন্ধ্যায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ৬৭ মাস পূর্তি উপলক্ষ্যে মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচী পালন করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক, নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন।
ত্বকী হত্যার বিচারের নির্দেশ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ঘোষণা দেন বা না দেন, বলেন আর নাই বলেন, আমরা জানি এই বিচারটি কেন বন্ধ করে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, শাসক শ্রেণী সব সময় চায় সমস্ত নির্যাতন নিপীড়ন মানুষকে ভুলিয়ে দেয়ার জন্য। আমাদের এই ৬৭ মাসের এই কার্যক্রমের অর্থ হচ্ছে আমরা এই হত্যাকান্ডকে ভুলে যাইনি। মিঠু, চঞ্চল, আশিক, ভুলুকে হত্যা করা হয়েছে। এ সমস্ত লাশ শীতলক্ষ্যাকে উদ্ধার করা হয়েছে। আমরা সকল হত্যাকান্ডের বিচার চাই। গত বছরের ডিসেম্বরে সাদমান সাকিব নামে দেড় বছরের শিশুটিকে অপহরণ করা হয়েছে, কিন্তু পুলিশ গত দশ মাসেও তাকে খুঁজে বের করতে পারেনি। এ সময় তিনি অবিলম্বে নিখোঁজ সাদমান সাকিবকে খুঁজে বের করার সরকারের প্রতি দাবি জানান।
শরীফ উদ্দিন সবুজ বলেন, ত্বকীর বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জের বিভিন্ন অপরাধ কর্মকান্ড, বাস ভাড়া অন্যায়ভাবে আমাদের ওপরে চাপিয়ে দেয়া হয় তার প্রতিবাদ করেছেন, রেলের জমি লুটপাট করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের বিরুদ্ধে দাড়িয়েছেন-এই কারণে ত্বকীকে হত্যা করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি জিয়াউল ইসলাম কাজল বলেন, ত্বকীর খুনী ওসমান পরিবারকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হলে সারাদেশে এর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি আগামী নির্বাচনে ওসমান পরিবারের কাউকে মনোনয়ন না দেয়ার জন্য আহবান জানান।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।
এরপর থেকে ত্বকীয় দ্রুত অভিযোগপত্র প্রদান ও বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচী পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
বাঙালীয়ানা/এমএ/জেএইচ
