আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে, বাংলাদেশের প্রথম ম্যাচে দল বড় ব্যবধানে হারালো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। ৭ মে, মঙ্গলবার, বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৮ উইকেটে।
গত ম্যাচে রানের ফোয়ারা তৈরী করা ওয়েস্ট ইন্ডিজ দল আজ প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তোলে ২৬১ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে ওপেনিং এ তামিমের সঙ্গী সৌম্য সরকার। দেখেশুনে শুরু করেন এই দুই বাহাতি। পিচ ও আবহাওয়ার কন্ডিশন বুঝে ব্যাট চালিয়েছেন দুজনই। তামিম কিছুটা ধীরে চললেও স্ট্রাইক রেট ধরে রেখে ব্যাট করেছেন সৌম্য সরকার। ১৪১ রান আসে ওপেনিং জুটিতে। সৌম্য সরকার চেজের বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়ার আগে করে ৭৩ রান।
অপর প্রান্তে তখন তামিমকে সঙ্গ দিতে ওয়ানডাউনে সাকিব আল হাসান। ধীরে খেলা তামিম কাটা পড়েন ৮০ রানে। সেঞ্চুরি না পেলেও তামিম-সৌম্যের ব্যাটিং দলকে জয়ের বন্দরে পৌছাতে নাবিকের ভূমিকাতেই ছিল।
বোলিং এ ১০ ওভারে ৩৩ রান খরচায় ১ উইকেট নেয়া সাকিব আল হাসানও ছিলেন সাবলীল। কোনো রকমের তাড়াহুড়া না করে তিনি খেলেন অপরাজিত ৬১ রানের ইনিংস। তার সাথে অপরাজিত থেকে খেলা শেষ করেছেন মুশফিকুর রহিম। ২৫ বলে ৩২ রান করেন মুশফিক।
এর আগে দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। আগের ম্যাচের মত এ ম্যাচেও বড় ওপেনিং জুটির আশা দেখিয়েছে শাই হোপ ও তার নতুন পার্টনার সুনীল আমব্রিস। এই জুটিতে এসেছে ৮৯ রান। রানরেট নিয়ন্ত্রণে রাখলেও প্রথম ১৫ অভারে নেই কোনো উইকেট। ১৬তম ওভারে মিরাজ আমব্রিসের উইকেট তুলে নিয়ে ভাঙ্গে এই ডেডলক। তার ঠিক এক ওভার পরেই ব্রাভো’র উইকেট সাকিব নিজেকে যুক্ত করেন এই পার্টিতে।
এরপর শাই হোপ এবং চেজের পার্টনারশিপেে ঘুরে দাঁড়ায় উইন্ডিজ দল। এরপরই জ্বলে ওঠে বাংলাদেশের পেসাররা। মুস্তাফিজ, মাশরাফি ও সাইফুদ্দীনের বোলিং তোপে ওরা থামে ২৬১ রানে।
মাশরাফি ৩, মুস্তাফিজ ও সাইফুদ্দীন ২টি করে, সাকিব ও মিরাজ নেন ১টি করে উইকেট।
বাঙালীয়ানা/জেএইচ