বৃষ্টিতে ভেস্তে গিয়েছে বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট ম্যাচ। ম্যাচটা মাঠে না গড়ানোয় আফসোসটাই বেশী করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফ্যানরা। অন্যদিকে ক্রিকেটের এই রমরমা আসরের মাঝেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে গলা ফাটিয়েছেন হাজার দশেক দর্শক। আর তাদেরকে মাতিয়েই বিশ্বকাপ ফুটবলের মূল বাছাই পর্বে জায়গা করে নিলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
এওয়ে ম্যাচে জয়টা ছিলোই। ১ গোলের ব্যবধান থাকায় বেশ এগিয়ে ছিলো বাংলাদেশ। অন্তত ড্র করতে পারলেই মূল বাছাই পর্বের এরেনায় বাংলাদেশ। কিন্তু যেখানে এওয়ে ম্যাচে জয় আছে সেখানে ঘরের মাঠে জয়টা কাম্য ছিলো খুব। কিন্তু স্ট্রাইকার ও ফরোয়ার্ডদের ভুলে তা আর হল না।
আবাহনীর হয়ে খেলা নাবিব নেওয়াজ বাংলাদেশ দলে খেলেন স্ট্রাইকার হিসেবে। দলের আক্রমণটাও তাকেই কেন্দ্র করে। কিন্তু চার চারটা সুযোগ পাওয়ার পরও কাজে লাগাতে পারেননি তিনি। প্রথম অর্ধে মামুনুলের থ্রু ঠিক ঠাক কাজেই লাগাতে পারলেন না নাবিব। দ্বিতীয় অর্ধে ক্রস থেকে পাওয়া বলেও মাথা ছোঁয়াতে পারলেন না। মিস করেছেন অন্যরাও। খেলার শেষ দিকে ইব্রাহীমও ক্রস থেকে বল পেয়েছেন। কিন্তু হেডটা ঠিক ঠাক করতেই পারলেন না। ফলে, গোলশূন্য ড্র নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ।
ড্র করলেও মিস হয়ে যায়নি বিশ্বকাপের মূল বাছাই পর্বে খেলার সুযোগ। কিন্তু লাওস গোল দিতে পারলে হিসেবটা উলটে যেতেই পারত।
এমনটা চলতে থাকলে সামনে এশিয়ান বাছাইয়ে ভুক্তে হবে বাংলাদেশকে। আজকের ম্যাচ দেখে অন্তত সেটা বলাই যাই। যে সুযোগটা তৈরী হয়েছে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নিতে তা কাজে লাগাতে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতেই হবে বাংলাদেশ দলকে।
বাঙালীয়ানা/জেএইচ