মহাকাশে ভারত আজ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বলে লোকসভা নির্বাচনের আগে জাতির উদ্দেশে এক বার্তায় এ কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার, ২৭ মার্চ, ২০১৯, মোদী জানান, মহাকাশে অন্যতম শক্তিশালী দেশ হিসাবে আমেরিকা, রাশিয়া এবং চীনের পরে চতুর্থ দেশ হিসাবে আজ আত্মপ্রকাশ করেছে ভারত।
মোদী বলেন, ‘কিছুক্ষণ আগেই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল (এ-স্যাট) দিয়ে ভারত লো-আর্থ অরবিট (এলইও)-এ থাকা একটি কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছে। মাত্র তিন মিনিটের মধ্যেই এই অপারেশন সম্পন্ন হয়েছে। “মিশন শক্তি” নামের এই অপারেশনের সাফল্যের জন্য ডিআরডিও-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি।
বেলা সাড়ে ১২টা নাগাদ জাতির উদ্দেশে নিজের ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারত আজ মহাকাশে অন্যতম শক্তি।মহাকাশে ভারত এখন চতুর্থ শক্তি।” তাঁর ভাষায়, “ডিআরডিও বিজ্ঞানীরা অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহকে পরীক্ষামূলক ভাবে ধ্বংস করেছেন।” তিনি জানান, এই অপারেশনের নাম ছিল ‘মিশন শক্তি’।