মিন্নিসহ ২৪ জনকে আসামি করে রিফাত হত্যা মামলায় চার্জশিট দিল পুলিশ

Comments

বরগুনার রিফাত শাহনেওয়াজ শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ।

আসামিদের ১০ জনকে এক খণ্ডে (মূল) এবং বয়স ১৮ বছরের কম হওয়ায় ১৪ জনের বিরুদ্ধে চার্জ শিশু আইনে বিচারের জন্য পৃথক খণ্ডে ওই চার্জশিট দেয়া হয়। অভিযোগপত্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে ১ নম্বর আসামি করা হয়েছে রিফাত ফরাজীকে, যিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের আপন ভায়রার ছেলে। আর মিন্নিকে ৭ নম্বর আসামি করা হয়েছে, যিনি মামলায় ছিলেন ১ নম্বর সাক্ষী।

মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। শিশু-কিশোরদের মধ্যে ১ নম্বর আসামি করা হয়েছে রিফাত ফরাজীর ভাই রিশান ফরাজীকে।

তদন্ত কর্মকর্তা রোববার এ অভিযোগপত্র আদালতের জিআরও’র কাছে জমা দিলেও মামলার মূল নথি না থাকায় ম্যাজিস্ট্রেট অভিযোগপত্র গ্রহণ করতে পারেননি। মূল নথি জেলা ও দায়রা জজ আদালতে থেকে পাওয়া গেলে অভিযোগপত্র গ্রহণ করা হতে পারে।

এদিকে মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অবকাশকালীন চেম্বার আদালতে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিনের পূর্ণাঙ্গ রায়ও প্রকাশিত হয়েছে রোববার। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেয়া ৭ পৃষ্ঠার এ রায়ে পাঁচ যুক্তিতে মিন্নিকে আদালত জামিন দিয়েছে বলে বলা হয়েছে। পর্যবেক্ষণে বলা হয়েছে, কোনো মামলার তদন্ত চলাকালে কতটুকু তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে, সে সম্পর্কে নীতিমালা প্রণয়ন বাঞ্ছনীয়। আদালত মনে করে, দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়ার আগেই মিন্নি দোষ স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে বরগুনার এসপির বক্তব্য তদন্ত সম্পর্কে জনমনে নানা প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে।

বরগুনা সরকারি কলেজ গেটের সামনে ২৬ জুন সকালে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও তার সঙ্গীরা। বিকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে মারা যান তিনি। রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ২৭ জুন নয়ন বন্ডসহ ১২ জনকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন। পুলিশ এ মামলায় এখন পর্যন্ত মিন্নিসহ ১৫ জনকে গ্রেফতার করেছে, এরা সবাই আদালতে দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র জানায়, এজাহারভুক্ত আসামিরা হলেন- রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন, মুসা, রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রায়হান, হাসান, রিফাত হাং, অলি উল্লাহ অলি, টিকটক হৃদয়।

তদন্তে যুক্ত হওয়া আসামিরা হলেন- আরিয়াল হোসেন শ্রাবণ, কামরুল হাসান সায়মুন, নাজমুল হাসান, তানভির হোসেন, সাগর, রাতুল ইসলাম জয় ও রবিউল ইসলাম রাব্বি। অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- আয়েশা সিদ্দিকা মিন্নি, নাঈম, মারুফ হোসেন, প্রিন্স মোল্লা ও রকিবুল।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.