চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ভোগান্তিতে ফেলা গ্যাব্রিয়েল খেলতে পারবেন না মিরপুর টেস্টে।
নামের পাশে ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় এই শাস্তিই পেলেন এই ক্যারিবীয় পেসার। তাই স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অংশ নেওয়া হবে না শ্যানন গ্যাব্রিয়েলের। এতে বড় বিপদেই পড়েছে সফরকারীরা। ইনজুরির কারণে আগে থেকেই দলে নেই নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। আর এবারে ঢাকা টেস্টে দলটা পাচ্ছেনা গ্যাব্রিয়েলকেও।
এর আগে ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় জরিমানা গুনতে হয়েছে এই ফাস্ট বোলারকে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ইমরুল কায়েসের সাথে বাজে আচরণ করার তার নামের পাশে আবারও যুক্ত হলো ডিমেরিট পয়েন্ট। যার কারণে তিনি থাকছেন না ঢাকা টেস্টে।
ম্যাচের অষ্টম ওভারে ডেলিভারি করার পর ক্রিজে থাকা ব্যাটসম্যান ইমরুল রান নিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তে আসার সময় তাকে ধাক্কা দেন গ্যাব্রিয়েল। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী তার এমন আচরণ ২.১২ ধারা বিরোধী। নিয়ম অনুযায়ী তাই তার নামের পাশে যুক্ত হয় দুটি ডিমেরিট পয়েন্ট। একইসাথে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয় ডানহাতি পেসারকে। এর আগে গত ২৪ মাসের মধ্যেই আরও দুইটি ডিমেরিট পয়েন্ট যুক্ত থাকায় তাকে নিষিদ্ধ করা হয়েছে এক টেস্টে।
বাঙালীয়ানা/এমএইচ/জেএইচ