মিয়ানমারের মানডালার থিরি স্টেডিয়ামে শুক্রবার, ১ মার্চ, ২০১৯, বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ‘বি’ গ্রুপের ম্যাচে মনিকা চাকমার দেয়া একমাত্র গোলে মিয়ানমারকে তাদের মাঠেই হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠেছে বাংলাদেশের মেয়েরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে দল।
নিজেদের প্রথম ম্যাচে ফিলিপিন্সকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৬৭তম মিনিটে মনিকার দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে নেওয়া এই মিডফিল্ডারের কর্নার বাঁক খেয়ে লাফিয়ে ওঠা গোলরক্ষকের গ্লাভসে ছুঁয়ে জালে জড়ায়।
আগামী রোববার শেষ ম্যাচে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে চীনের মুখোমুখি হবে দল। মিয়ানমারকে হারানো চীন শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপিন্সকে ৭-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকেট নিশ্চিত করে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপে বাংলাদেশের ওপরে আছে তারা।
আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে হবে চূড়ান্ত পর্ব। স্বাগতিক দলের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্স-আপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় জাপান চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে। দ্বিতীয় পর্বের ‘এ’ গ্রুপের খেলা শুরু হবে রবিবার। স্বাগতিক লাওসের সঙ্গে যেখানে আছে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ইরান।