সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮, জনপ্রিয় সাহাফি হোটেল ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কার্যালয়ের কাছে দুটি শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।(সূত্র: আল জাজিরা)
পুলিশ ক্যাপ্টেন মোহামেদ হুসেইন জানান, বিস্ফোরণে নিহতের সংখ্যা অনেক বেশী হলেও, হামলাকারীরা হোটেলটিতে প্রবেশ করতে পারেনি। একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে একটি মিনিবাসের পাশে। এই বিস্ফোরণে নিহতদের শরীর পুড়ে যাওয়ায় মৃতদেহ শনাক্ত করা যাচ্ছে না বলেও জানান তিনি।
হামলায় আহত এক প্রত্যাক্ষদর্শী জানায়, বিস্ফোরণের সময় রাস্তাটি মানুষ ও গাড়িতে পরিপূর্ণ ছিল। ভয়াবহ বিস্ফোরণে পথচারীদের ছিন্নভিন্ন দেহ চারদিকে ছড়িয়ে রয়েছে। গুলিতেও অনেকে নিহত হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহামেদ জানান, প্রথমে দুটি বিস্ফোরণ ঘটে সাহাফি হোটেলের সামনের প্রধান সড়কে। এছাড়াও, এক প্রত্যক্ষদর্শী তৃতীয় আরেকটি বিস্ফোরণের কথাও জানিয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ছয় হামলাকারীসহ প্রায় ২৮ জন বেসামরিক লোক নিহত হবার তথ্য জানিয়েছে।
বাঙালীয়ানা/এএ/জেএইচ