সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রবিবার বিকেলে আকস্মিকভাবে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ডুবে গেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু।

সংগৃহীত ছবি
জানা গেছে, উজান থেকে পাহাড়ি ঢল নামছে। ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এতে সেতুটির ছয় ইঞ্চি পানিতে তলিয়ে গেছে। পানি আরও বৃদ্ধি পাবার আশঙ্কায় সেতুতে চলাচল বন্ধ করে দেয়া হবে।
ইতোমধ্যে সেতুতে প্রবেশের টিকেট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, ঝুলন্ত সেতুতে পানি উঠে যাওয়ায় দর্শনার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। সেতুর প্রবেশমুখে ব্যানার ঝুলানো এবং পথ আটকে দেয়ার কথাও জানান তিনি।
উল্লেখ্য, প্রতিবছর পর্যটন মৌসুমে রাঙামাটির দৃষ্টিনন্দন এই সেতুর সৌন্দর্য উপভোগ করতে প্রচুর পর্যটকের আগমন ঘটে। প্রতিবছরই বর্ষা মৌসুমে সেতুটি কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়। কিন্তু এর স্থায়ী সমাধান হয়নি।
