শনিবার, ২০ এপ্রিল, ২০১৯, মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় গ্রেফতার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুনিররুজ্জামান বাঙালীয়ানা প্রতিবেদককে এ বিষয়ে নিশ্চিত করে বলেন, আমরা ৭ দিনের রিমান্ড চেয়েছিলাম আদালত ৫ দিনের রিমান্ড দিয়েছেন। তিনি বলেন, শনিবার রাতে ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯, বিকেলে রুহুল আমিনকে তার বাসা থেকে আটক করে পিবিআই।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন একইসাথে সোনাগাজী ইসলামিয়া মাদরাসা অধুনালুপ্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ছিল।
বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জেলা প্রশাসককে চিঠি দিয়ে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্তির কথা যানায়। চিঠির নির্দেশনা মোতাবেক ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে। কমিটির সদস্যরা নুসরাত হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠায় এই নির্দেশ দেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। কমিটি গঠন করতে হলে নীতিমালা অনুসারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকতে হবে।
উল্লেখ্য, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি যৌন হয়রানি করে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা। এ প্রেক্ষিতে নুসরাতের মা অধ্যক্ষের বিরুদ্ধে তার মেয়ের শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন। পুলিশ এক পর্যায়ে সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে। এই মামলা তুলে নেওয়ার জন্যে চাপ দিতে থাকে রাফির পরিবারকে। মামলা তুলে না নেওয়ায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা তার অনুসারীদের দিয়ে নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায় বলে মেয়েটির পরিবারের অভিযোগ। শনিবার, ৬ এপ্রিল, ২০১৯, সকালে ওই মাদ্রাসা কেন্দ্রে আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে যান নুসরাত। তাকে ছাদে ডেকে নিয়ে বোরখা পরা চার নারী মামলা তুলে নিতে চাপ দেয়। তাতে রাজি না হওয়ায় ওড়না দিয়ে হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ নুসরাতকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফেনী সদর হাসাপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া নুসরাত বুধবার, ১০ এপ্রিল মৃত্যুবরণ করেন।
নুসরাত হত্যায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে প্রধান আসামী এবং আরও ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে যার তদন্ত করছে পিবিআই।
বাঙালীয়ানা/এসএল