সকাল সাড়ে ৯টা থেকে নদ্দায় বসুন্ধরা গেইটে ঠিক সেই জায়গাতে যেখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরার নিহত হন সেখানেই শিক্ষার্থীদের এই বিক্ষোভ চলছে।
বিইউপির শিক্ষার্থীদের সঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), সিদ্ধেশ্বরী কলেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ বিক্ষোভে যোগ দিয়েছে।
‘জাস্টিস ফর আবরার’, ‘আর কত রক্ত ঝরতে হবে রাস্তায়’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ – স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে সড়কের নিরাপত্তার দাবীতে বিক্ষোভ করছে তারা।
শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে প্রগতি সরণি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ কালাচাঁদপুর বাসস্ট্যান্ড এবং কুড়িলে যানবাহন ডাইভারশনের ব্যবস্থা করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, সকাল সোয়া ৭টার দিকে নর্দ্দার বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে সুপ্রভাত কোম্পানির একটি বাসের চাপায় মারা যান বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী। তার মৃত্যুর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। সন্ধ্যায় অবস্থান তুলে নিলেও বুধবারে আবারও আন্দোলনে নামার কথা জানিয়েছিল শিক্ষার্থীরা।
বাঙালীয়ানা/এসএল