অনলাইন সার্ভার জটিলতায় চট্টগ্রাম রেলস্টেশনে শুক্রবার ঈদুল আযহার অগ্রিম টিকেট বিক্রি শুরু করতে প্রায় দেড় ঘন্টা দেরি হয়েছে। এতে স্টেশনে রাত থেকে অপেক্ষমাণ টিকেট প্রার্থীরা পড়েছেন বিপাকে পড়েছেন।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুষ্কৃতিকারীরা অপটিক্যাল ফাইবার কেটে দেওয়ায় এই সমস্যা হয়েছে। এটি পরিকল্পিত নাশকতা বলে তারা মনে করছে।
শুক্রবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে ১৯ আগস্টের অগ্রিম টিকেট বিক্রির কথা ছিল। সার্ভার সচল হওয়ার পর সকাল ৯টা ৪০ মিনিট থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। এর আগে টিকেট বিক্রি দেড় ঘন্টার মতো বন্ধ ছিল।
চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে বলেন, টিকেট আমরা বিক্রি করলেও অনলাইন সার্ভার নিয়ন্ত্রণ করে আইএনএস নামে একটা প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, রাতে অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় ইন্টারনেট সচল ছিল না। তবে তারা দ্রুত সমস্যা সমাধানে সক্ষম হয়েছেন। এদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ক্ষুব্ধ হয়ে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার চার জেলাগামী ১২ টি ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। এর মধ্যে ঢাকাগামী ৬টি, চাঁদপুরগামী ৩টি, সিলেটগামী ২টি এবং ময়মনসিংহগামী একটি টিকেট ট্রেন রয়েছে।