সুয়ারেজে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

Comments

স্প্যানিশ লা লিগার দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

এই ম্যাচে দুর্দান্ত খেলে হ্যাট্রিক করেছেন লুইজ সুয়ারেজ। মেসি-রোনালদোবিহীন এই খেলার প্রথমার্ধ শেষ হয় বার্সেলোনার ২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায়। ন্যু ক্যাম্পে বার্সার হয়ে হাফ টাইমের আগের গোল দুটি করেন করেছেন ফিলিপ কৌতিনহো ও লুইজ সুয়ারেজ। 

ম্যাচের অষ্টম মিনিটে গোলের দারুণ সুযোগ পায় রিয়াল। মাঝমাঠ থেকে মার্সেলোর দারুণ পাস থেকে বল পান গ্যারেথ বেল। চমৎকারভাবে বলটি কাটিয়ে ডি-বক্সে ঢুকে তিনি পাস দেন করিম বেনজেমার কাছে। পোস্টের সামান্য সামনে থাকলেও এই ফরাসি তারকা গোল করতে ব্যর্থ হন।

তবে কিছুক্ষণ পরই গোলের দেখা পায় বার্সা। ১১তম মিনিটে মাঝমাঠ সার্জিও বুস্কেটস উঁচু করে বল বাড়ান জর্দি আলবার কাছে। ধীরে ধীরে বল নিয়ে ডি-বক্সের ডুকে পড়েন আলবা। বাঁ পায়ে হালকা করে বলটি পাস করেন কৌতিনহোর কাছে। তার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। ফাঁকা পোস্ট পেয়ে সহজ এই গোলটি করতে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কৌতিনহো।

শুরুতেই এগিয়ে গিয়ে রিয়ালকে চেপে ধরে বার্সা। ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় তারা। ডি-বক্সের মধ্যে থেকে আর্থার মেলোর করা শটটি সেভ করেন কোর্তোয়া। এরপর গোল শোধে মরিয়া রিয়াল ম্যাচের ২০তম মিনিটে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

ম্যাচের ৩০তম মিনিটে ম্যাচের স্কোরলাইন ২-০ করেন উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেজ। গোল পোস্টের মাত্র ১২ গজ সামনে রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানে সুয়ারেজকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিএআর প্রযুক্তির সহায়তায় নেন তিনি। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার বিষয়টি নিশ্চিত হন রেফারি। সুয়ারেজ স্পট-কিক থেকে রিয়াল গোলরক্ষক কোর্তোয়াকে পরাস্ত করলে ২-০ তে এগিয়ে যায় বার্সা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি সুয়ারেজের ষষ্ঠ গোল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রিয়াল। ৫০ মিনিটে মার্সেলো এক গোল শোধ করেন। এরপর মিনিট বিশেক আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলে। কিন্তু ৭৫ ও ৮৩ মিনিটে সুয়ারেজ আরো দুই গোল করে ফেললে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় রিয়াল। বদলী খেলোয়ার ভিদাল ৮৭ মিনিটে বার্সার হয়ে আরেক গোল করে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। শেষ পর্যন্ত ৫-১ এর বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। আর, টানা খারাপ খেলার ভূত যেনো পিছুই ছাড়ছে না রিয়ালের।

 

বাঙালীয়ানা/এসএস/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.