স্বাধীনতার পর এদেশে পুলিশ এর যে ভূমিকা থাকার কথা ছিল সেই ভূমিকা কি তারা রেখেছিলেন?
হয়তো উত্তরে বলবেন ‘তাদেরকে তদানীন্তন সরকারের পক্ষ থেকে তেমন ভূমিকা রাখতে দেয়া হয় নাই’। হয়তো আরো একটু বাড়িয়ে বলবেন, ‘বিশেষত তদানীন্তন শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের দুর্নীতি আর স্বেচ্ছাচারীতার কারনে পুলিশের হাত তখন বন্ধ ছিল!’
অথচ খেয়াল করে যদি দেখেন তাহলে দেখতা পাবেন পুলিশের ঐ একই কাজ পরে দেখা যাচ্ছে রক্ষীবাহিনী কতৃক সম্পাদন হয়েছে। ‘রক্ষীবাহিনী’ ও কিন্তু কোট-আনকোট সরকারেরই প্রতিষ্ঠান ছিল। সুতরাং ঢালাওভাবে আমরা তখনকার সরকারকে দোষ দিতে পারি না। এখানে পুলিশের এই ‘অদ্ভুত আচরণ’-এর কারন খুজতে আরো খানিক পেছনে যেতে হবে। চলুন তবে একটু পেছন থেকে ঘুরে আসি আজ।
মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৫০ থেকে ১৯৭৩ পর্যন্ত ইন্টারন্যাশনাল পুলিশ সার্ভিস (আই পি এস) পরিচালিত হয়েছিল। যার লক্ষ্য ছিল মূলত দুটি:
১) মিত্র দেশের অভ্যন্তরীন নিরাপত্তার উন্নতি সাধন।
২) প্রো – আমেরিকান মানসিকতা তৈরী করা।
বাংলাদেশ স্বাধীন হবার পর হিসেব করে দেখা যায় ১১৩ জন পুলিশ কর্মকর্তা আমেরিকায় ট্রেনিং নিয়েছে, এদের মধ্যে ৪০ জনই ছিলেন ইনটেলিজেন্স অফিসার। ঘাঁটাঘাঁটি করলে জানা যাবে স্বাধীনতা যুদ্ধের সময় এই কর্মকর্তাদের কয়েকজন ওয়াশিংটনের আমেরিকান পুলিশ একাডেমীতে প্রশিক্ষন গ্রহনের জন্য বিদেশগমণ করেন। যুদ্ধ চলাকালীন এদের অধিকাংশই দেশে না ফিরে প্রবাসেই স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন, স্বাধীনতার পক্ষের হয়ে কাজ করতে থাকেন নিজেদের মেধা আর শ্রম দিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুজন অফিসার দেশে ফিরে আসেন এবং পাক বাহিনীর অধীনে চাকুরীতে যোগদান করেন।
এই দুই ব্যক্তির ছিলেন –
১) এ বি এস সফদর এবং
২) আব্দুর রহিম
[সুত্রঃ কনফিডেন্সিয়াল ডায়েরী- বিক্রমাদিত্য]
এই এ বি এস সফদর ১৯৭০ সালে কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এর পূর্ব-পাকিস্তান ইউনিটের দায়িত্ব পেয়েছিলেন। নির্বাচন সম্পর্কে তার মতামত ছিল, ‘আওয়ামিলীগ ৬০ টি আসন পাবে।’ নির্বাচনের ফলাফলে তার ভবিষ্যৎবাণী ভ্রান্ত প্রমাণিত হওয়া সত্ত্বেও পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর প্রধান এন এ রিজভীর বিশ্বস্ততা তিনি হারাননি। আর একারণেই তাকে যুদ্ধের সময়েও আমেরিকাতে ট্রেনিং এ পাঠানো হয়। এই সফদর সাহেব দেশে ফিরে পাক বাহিনীর সাথে যোগ দিলে একই ডিপার্টমেন্টের আব্দুর রহিমও তার কাজে সজাগ হয়ে ওঠেন। এখানে পাঠকদের জানিয়ে রাখা ভালো যে রাজাকার বাহিনী পরিচালনার দায়িত্ব পান আমাদের আব্দুর রহিম সাহেব।
আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে ফাঁসানোর জন্য যাবতীয় খবরাদি সংগ্রহ করেছিলেন এই সফদার সাহেব। বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানি সরকার যে ব্রীফ তৈরী করেছিল তার ভিত্তি ছিল সফদার সাহেবের সংগৃহীত সেসব তথ্য। ফয়েজ আহমদ লিখিত ‘আগরতলা মামলা’ বইটা পড়লে দেখা যায় এক পুলিশ কর্মকর্তা প্রতিদিন ব্রীফকেস নিয়ে কোর্টে যান। আমরা বুঝতে পারি সেই ব্যক্তি ছিলেন ব্যাসিক্যালি সফদর সাহেব।
অত:পর নয় মাস যুদ্ধ করে তিরিশ লাখ জীবন দিয়ে দেশ স্বাধীন হল। বঙ্গবন্ধু ‘ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স বা ‘NSI’ গঠন করলেন। অবাক করার মত ঘটনা হল তিনি এই সফদর সাহেবকেই বানালেন এন এস আই এর ডিরেক্টর। ওদিকে আমেরিকায় ট্রেনিং প্রাপ্ত রাজাকার বাহিনীর প্রধান হিসেবে কাজ পরিচালনা করা আব্দুর রহিমকে বঙ্গবন্ধু বানালেন ‘প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট প্রধান’!
পাঠক আপনারাই বলেন পুলিশ এর ইনটেলিজেন্স যদি পরিচালিত হয় দুজন অন্যতম দুর্ধর্ষ ‘এস্টাব্লিশমেন্ট’ বিরোধী লোক দ্বারা, তাহলে তার রেজাল্ট কি হতে পারে। আর সেই রেজাল্টই পেয়েছিলাম ১৯৭৫ এর ১৫ই আগস্টে। মজার ব্যাপার হচ্ছে ১৫ই আগস্টের পর এই সফদরকে প্রোমোশন দিয়ে করা হয় এন এস আই ডাইরেক্টর জেনারেল। আর প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটের সবাই যখন অপসৃত, নইলে বিদেশে, ঠিক সেই সময়ে আব্দুর রহিম খন্দকার মোশতাকের পাশে স্বগৌরবে উপস্থিত। তাহলে এবার বুঝুন।

ফিদেল-মুজিব
সাধে কি ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধুকে করে বলেছিলেন ‘চিলির প্রেসিডেন্ট আলেন্দের মত আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিবকেও ‘খরচের খাতায়’ রেখে দিয়েছি। এক্সেলেন্সি। কেননা আপনি বাংলাদেশে একটি পরাজিত প্রশাসনকে আইন সঙ্গত করেছেন এক্সেলেন্সি। আপনি কিন্তু শেষ হতে যাচ্ছেন।’
গ্রন্থ সহায়তা:
১) ফ্যাকটস এন্ড ডকুমেন্টস- অধ্যাপক আবু সাইয়িদ
২) আগরতলা মামলা, শেখ মুজিব ও বাংলার বিদ্রোহ – ফয়েজ আহমদ
৩) কনফিডেন্সিয়াল ডায়েরী- বিক্রমাদিত্য
৪) মুজিবের রক্ত লাল – এম আর আখতার মুকুল

নাজমুল হুদা
লেখক পরিচিতি:
প্রাবন্ধিক, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ গবেষক
প্রকাশিত গ্রন্থ: মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ কিছু বিভ্রান্তির জবাব
