বাংলার তাঁতের কাপড়ের সুখ্যাতির জন্য কবি সত্যেন্দ্রনাথ দত্ত একদিন লিখেছিলেন
“বাংলার মসলিন বাগদাদ রোম চিন
কাঞ্চন তৌলেই কিনতেন একদিন”
কিন্তু বাংলার তাঁত শিল্প নিয়ে কিছু কথা বলার আগে জানা প্রয়োজন এই তাঁত কি ?

তাঁত হচ্ছে এমন একটি যন্ত্র যা দিয়ে তুলা বা তুলা হতে উৎপন্ন সুতো থেকে কাপড় বানানো যায় । তাঁত বিভিন্ন রকমের হতে পারে , ছোট আকারের হাতে বহনযোগ্য তাঁত থেকে শুরু করে বিশাল আকৃতির তাঁত দেখা যায় ৷ সাধারণত তাঁত নামক যন্ত্রটিতে সুতো কুণ্ডুলি আকারে টানটান করে ঢুকিয়ে দেয়া থাকে , যখন তাঁত চালু করা হয় তখন নির্দিষ্ট সাজ অনুসারে সুতো টেনে নেওয়া হয় এবং এর ভিতরের কলাকৌশল বিভিন রকমের হতে পারে । বাংলার তাঁত যন্ত্রে ঝোলানো হাতল টেনে সুতো জড়ানো মাকু আড়াআড়ি ছিটানো হয় ।
‘’তাঁত বোনা’’ শব্দটি এসেছে ‘’তন্তু বয়ন’’ থেকে , আর এই পেশার সাথে যুক্ত মানুষরা ‘’তন্তুবায়” বা “তাঁতি” নামেই পরিচিত ।
তাঁত শিল্পের উদ্ভব যে সঠিক কবে থেকে তা বলা মুশকিল , তবে ইতিহাস থেকে জানা যায় যে “আদি বসাক সম্প্রদায়”-এর তাঁতিরাই হলেন আদি তাঁতি অর্থাৎ আদিকাল থেকে এরাই প্রধানত তাঁত বুনে এসেছে । এরা প্রধানত যাযাবর শ্রেণীর অন্তর্গত ছিল , প্রথমে এরা সিন্ধু উপত্যকার অববাহিকায় বসবাস করত কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা সেই স্থান পরিত্যাগ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এসে তাঁতের কাজ শুরু করে । কিন্তু স্থানীয় আবহাওয়া তাঁতের পক্ষে প্রতিকুল হওয়ার জন্য নতুন জায়গার সন্ধানে বেরিয়ে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে আসে তারা । তবে এখানকার আবহাওয়াও অনেকাংশে প্রতিকূল হওয়ায় আবার তারা স্থান পরিবর্তন করে । এক দল চলে আসে কিশোরগঞ্জের বাজিতপুরে আর অপর একদল আসে ঢাকার ধামরাইয়ে । আবার এই ধামরাইয়ের থেকে কিছু বসাক চলে আসে চৌহাট্টা অঞ্চলে । এর পর থেকে বসাক তাঁতিরা প্রধানত ধমরাইয়া ও চৌহাট্টা এই দুই অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে ৷
এছাড়াও তাঁত শিল্পর ইতিহাস থেকে জানা যায় যে মণিপুরে অনেক আগে থেকেই তাঁত শিল্পর কাজ চলে আসছে ৷ মণিপুরীরা মূলত নিজেদের পোষাকের প্রয়োজনে তাঁতের কাপড় তৈরী করত ৷ তবে তাদের তৈরী তাঁতের সামগ্রী পরবর্তীকালে বাঙালি সমাজে খুবই জনপ্রিয় হয়ে ওঠে ৷
তবে এই শিল্প কিভাবে বিকাশ লাভ করে সেই ঘটনাবলী বিশেষ আকর্ষণীয় ৷ কুটির শিল্প হিসাবে হস্তচালিত তাঁত শিল্প ব্রিটিশ সাম্রাজ্যের পূর্বকালে কেবল দেশেই নয় বহির্বাণিজ্যেও বিশেষ স্থান দখল করেছিল ৷ বংশ পরস্পরায় দক্ষতা অর্জনের মধ্যে দিয়ে বয়ন উৎকর্ষতায় তাঁতিরা সৃষ্টি করেছিল এক অনন্য স্থান ৷ দেশের সর্ববৃহৎ কাপড়ের হাট ‘‘নরসিন্দির শেখের মাঠ’’ গ্রামে গড়ে উঠেছিল যা ‘‘বাবুর হাট’’ নামে পরিচিত ৷ দেশের বিভিন্ন স্থানে হস্ত চালিত তাঁতে কাপড় বোনা হলেও বাণিজ্যিকভাবে শেখের চরের কাপড়ের সমকক্ষ কেউ নেই । সুলতানি ও মোগল যুগের উত্তরাধিকারী হিসাবে এখানকার তাঁতিদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা । তাদের রং , নকশা ও বনন পদ্ধতি অন্যান্য সমস্ত এলাকা থেকে আলাদা । এক সময় এদের পূর্বপুরুষরাই জগদ্বিখ্যাত মসলিন , জামদানি ও মিহি সুতি বস্ত্র তৈরি করে সারা বিশ্বে বাংলা তথা ভারতবর্ষের গৌরব বৃদ্ধি করেছিল । কিন্তু ব্রিটিশ আমলে অসম কর গ্রহণ , তাঁতের ওপর আরোপিত নানা বিধি নিষেধ এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লবের জন্য ভারতীয় তাঁত শিল্পের সর্বনাশ ঘটে । এরপর স্বাধীনতার পরবর্তী সময়ও এই শিল্পের বিকাশের জন্য বিশেষ কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি । বাজার অর্থনীতির সম্প্রসারণ এই অবস্থাকে আরো জটিল করে তুলেছে । মুক্ত বাজার অর্থনীতির ফলে নানা ডিজাইনের , নানা রঙের , নানা ধরণের কাপড়ের ভারতীয় বাজারে অবাধ প্রবেশের ফলে তাঁত শিল্পীরা আরো সমস্যায় আক্রান্ত হয়েছেন ।
ভারতীয় তাঁত শিল্পের অবনতির অন্যতম প্ৰধান কারণ হলো কারখানায় তৈরি কাপড়ের ব্যাপক বিস্তৃতি , সুপরিকল্পিতভাবে নির্মিত এইসব বস্ত্রের মান ও গুণ তুলনামূলকভাবে উন্নত । এই কাপড়ের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে যে ব্যাবসায়িক ও অর্থনৈতিক সাহায্য প্রয়োজন তা তাঁত শিল্পীরা পাচ্ছেন না । এই পেশার সাথে জড়িত মানুষদের জন্য প্রয়োজনীয় পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণের কোনো ব্যাবস্থা নেই । পরিবর্তিত রুচি ও পছন্দের সাথে সঙ্গতি রেখে তাঁত বস্ত্রেও কিছু পরিবর্তন আনা প্রয়োজন , কিন্তু তার জন্য প্রয়োজনীয় সামর্থ তাঁতি সমাজের কাছে নেই ফলে তারা সনাতন পদ্ধতিতে সেই সনাতনী মানের কাপড় উৎপাদন করতে বাধ্য হচ্ছেন । এই অবস্থা তাঁত শিল্পের বিকাশের পথে প্রধানতম অন্তরায় হয়ে দাড়িয়েছে ।
তাঁত শিল্প নিয়ে এতক্ষন যা যা আলোচনা করলাম তা সমস্তই তথ্যভিত্তিক । তাঁত শিল্পের প্রকৃত অবস্থা জানতে হলে বাংলার এমন জায়গায় যাওয়া প্রয়োজন যেখানের মানুষরা এখনও তাঁত শিল্পের সাথে সক্রিয়ভাবে যুক্ত । চলুন তাহলে যাওয়া যাক সেইসব জায়গায় ।
ধনেখালি , নাম শুনলেই মনে পড়ে যায় তাঁত , বালুচরি আর তসর-এর হাজারো বৈঢিত্র্য , যেমন রং তেমনি তার বাহার । তবে তাঁতের শাড়ির কদরই যেন সবথেকে বেশি । হুগলি জেলার এই অঞ্চলের কারিগররা নানা সুতোর নিপুণ বুননে তাঁতের শাড়িকে যেভাবে তৈরি করেন তা এক কথায় অনবদ্য । কিন্তু এই কাজ করতে করতে আজ তাদের জীবনই রংহীন হয়ে পড়েছে । এনাদের কথা বলতে গেলেসেই পুরোনো কথাই বলতে হবে আবার । সময় হয়তো অনেকটাই বদলেছে কিন্তু ধনেখালির তাঁতশিল্প ও তাঁতিদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি ।
ধনেখালি ও মামুদপুর , পাশাপাশি এই দুই এলাকাকে নিয়ে মোট চারটি তাঁত সমবায় রয়েছে তাঁতিদের । এক সময় প্রতিটি সমবায়ে চারশোজনেরও বেশি তাঁতি কাজ করতেন । তাদের সবরকম সহায়তা এই সমবায়গুলি থেকেই করা হতো । কিন্তু বর্তমানে এই সব সমবায়ে তাঁতির সংখ্যা ক্রমশ কমে আসছে । নতুন প্রজন্ম আর এই শিল্পে আসছে না । পুরোনোরাও যারা আছেন তারা অনেকে ছেড়ে যাচ্ছেন , আর যারা আছেন তারা মনে করছেন এই শিল্পে থেকে প্রাপ্য মূল্য তারা পাচ্ছেন না । তাদের দাবি যে একটা শাড়ি বুনে তারা ১০০ টাকা পান কিন্তু তা দিয়ে সংসার খরচ চালানো সম্ভব হচ্ছে না, তাই কোনো তাঁতিই আর চাইছেন না যে তাদের সন্তানরা এই শিল্পে আসুক । আর তাঁতিরা এখন সমবায়গুলি থেকে সুযোগ সুবিধাও পাচ্ছেননা , ফলে ধনেখালির তাঁত ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে । তবে আশার কথা হলো নানা সরকারি প্রকল্প গ্রহণ করা হচ্ছে তাঁতিদের জন্য । সেই সুদিনের আশায় বুক বাধছে নয়া প্রজন্মের তাঁতিরা ।
এর পর আসা যাক বাংলার আর এক তাঁত শিল্পের পীঠস্থান শান্তিপুরে , তাঁত শিল্পের জন্য যার প্রসিদ্ধি সারা ভারত তথা সারা বিশ্ব জুড়ে । প্রথমেই শান্তিপুরের তাঁত শিল্পের ইতিহাস সম্পর্কে কিছু জানা প্রয়োজন । মোগল আমলেই সর্বপ্রথম শান্তিপুরের উৎকৃষ্ট তাঁতের কাপড় সারা ভারত জুড়ে প্রসিদ্ধি লাভ করে । মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ও এই শিল্পের প্রতি আগ্রহী ছিলেন । শান্তিপুরের তাঁত নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও আগ্রহী ছিল , তাদের আমলে বছরে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড মূল্যের তাঁত বস্ত্র রপ্তানি করা হতো ।
শান্তিপুরের তাঁত শিল্প সম্পর্কে দীনবন্ধু মিত্র লিখেছিলেন –
‘‘শান্তিপুরে ডুরে শাড়ী সরমের অরি
নীলাম্বরী , উলাঙ্গিনী , সর্বাঙ্গ সুন্দরী’’
কিন্তু সময় বদলেছে আর তার সাথে সাথে পরিস্থিতিরও পরিবর্তন ঘটেছে। সেই স্বর্ণযুগ আজ আর নেই , বর্তমানে শান্তিপুরের তাঁত শিল্পের অবস্থা ক্রমশ নিম্নগামী ৷ শান্তিপুরী তাঁত এখনও পুরোনো ঐতিহ্য বজায় রাখতে গিয়ে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না । আর তাঁত বুনে তাঁতিরা যে টাকা উপার্জন করেন , তাতে সংসার চালানো সম্ভব নয় বর্তমান যুগে । কিন্তু তাঁতিরা এই পিতৃপুরুষের পেশা ছেড়ে দিতে রাজি নয় কারণ এ শুধু তাদের জীবিকা নয় , এ তাদের বংশগৌরব । সরকারও নানা পদক্ষেপ গ্রহণ করেছে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে , তাই আশা করাই যায় যে শান্তিপুরের তাঁত শিল্প তার হৃতগৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে ।
অবশেষে আশা করা যায় যে বাংলার তাঁত পুনরায় জনপ্রিয় হয়ে উঠবে , শুধু প্রয়োজন সরকারি সাহায্য ও ব্যাক্তিগত উদ্যোগ । নিজের দেশের এই গৌরবময় শিল্পকে বাঁচিয়ে রাখতে এইটুকু সহায়তা যে প্রত্যেকেই করবেন তা আশা করাই যায় ।
IIঅর্পণ রায়II

