‘কারে দেখাবো মনের দুঃখ গো’, ‘প্রাণ কান্দে মোর’, ‘মরিলে কান্দিসনে আমার দায়’, ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’, ‘আমি কেমন করে পত্র লিখি’, ‘প্রেমের মরা’, ‘ভ্রমর কইও গিয়া’, ‘আমি যাইমু গো যাইমু’ এরকম অসংখ্য গানের সুরকার বিদিত লাল দাস। হাসন রাজা, শাহ আবদুল করিমের পর যার বাউল গানে, সুরে মুখরিত ছিল সিলেট অঞ্চলসহ সারা বাংলা তিনি বিদিত লাল দাস। হাছন রাজা, রাধারমণ দত্ত ও গিয়াস উদ্দিনসহ অনেক লোকসঙ্গীত শিল্পীদের গানের সুর করেছেন তিনি।
১৯৩৮ সালের ১৫ জুন সিলেটের শেখঘাটে সম্ভ্রান্ত জমিদার লাল পরিবারে জন্মগ্রহণ করেন বিদিত লাল। তাঁর দাদা বঙ্ক বিহারী দাস ছিলেন স্থানীয় জমিদার ও পকজ বাদক। পিতা বিনোদ লাল দাস ছিলেন আসাম সংসদের সদস্য।
ছেলেবেলায় তাঁর সঙ্গীতে হাতেখড়ি হয় ওস্তাদ প্রনেশ দাসের কাছে। আর পরে তালিম নেন ভারতের ওস্তাদ পরেশ চক্রবর্তীর কাছে। বিদিত লাল দাসের পড়াশোনা ভারতের শিলং-এ। হাল আমলের বিখ্যাত শিলং সেইন্ট অ্যাডভান্স স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী ছিলেন তিনি। ১৯৫৯ সালে বাবার অসুস্থতার খবর শুনে সিলেট যান, অতঃপর আর শিলংয়ে ফেরা হয়নি তাঁর।
বিদিত লাল ১৯৬০ এর দশকের একজন অন্যতম বেতার গায়ক। তবে তিনি সিরাজউদ্দৌলা, দ্বীপান্তর, তপসী, প্রদীপশিখা, বিসর্জন সুরমার বাঁকে বাঁকেসহ বিভিন্ন নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন। নাটকের সঙ্গীতে দিয়েছেন এক নতুন মাত্রা। নাটকের গানের প্রসঙ্গের তাঁর কথায়, ‘আমি শুরুতে নাটকের দৃশ্যে সুর দিতাম। প্রচলিত ধারা ভেঙে আমি আমার মতো করে সুর দিতাম। তাতে নতুনত্ব আসত। এ থেকেই সুরের সাগরে ডুব।’
বেতারে তাঁর করা হাসন রাজার গানগুলো ছিল বিখ্যাত। এর স্মৃতিচারন করতে গিয়ে তাঁর মনে পড়ে ‘আমি হাসন রাজার যে কয়টি গানে সুর দিয়েছিলাম, সেগুলো রেডিওতে সম্প্রচার করতে তখন রীতিমত যুদ্ধ করতে হতো। অনেক সময় হাসন রাজার মতো শিল্পীর নাম গোপন রেখে গানের প্রচার করা হতো। আর রেডিওর কর্ণধারেরা তখন গানের কথার চেয়ে সুরের টান দেখে জেনে নিতেন গানটির লেখক পরিচিতি।’
১৯৭২ সালে একটি গানের দল গঠন করেন তিনি। লল্ডন, চীনসহ অনেক দেশেই এই দল নিয়ে গান পরিবেশন করেন তিনি।
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী গানটির প্রকৃত সুরকার তিনি কিনা এ নিয়ে কিছু প্রশ্ন এবং সমালোচনা আছে। প্রশ্নের উৎপত্তিতে এই গানের অন্যতম গীতিকার মরমি কবি গিয়াসউদ্দিন সেলিম একটি চিঠি লেখেন। চিঠিতে গীতিকার পরিস্কার ভাবে উল্লেখ করেছেন যে গানটির সুরকার বিদিত লাল দাস।
শেখঘাট এলাকার একটি বিশাল বাড়িতে বসবাস ছিল তাঁর। ‘পটল বাবু’ সম্বোধনে তাঁর চেনা-জানার পরিধি বেশী ঐ অঞ্চলে। যে বাড়িতে তিনি বসবাস করতেন, এর পাশেই তিনি গড়ে তুলেছেন ‘নীলম লোকসংগীতালয়’। গানের শিক্ষার্থীদের কোলাহলমুখরতা তাকে সবসময় নিমগ্ন রাখত। ২০০৪ সাল থেকে বাড়ির সামনে একটি পুরোনো ঘরের কক্ষে শিক্ষাদীক্ষা পর্ব শুরু করেন। রবীন্দ্রসংগীত ছাড়া সংগীতের সব শাখা-প্রশাখার দীক্ষা এখান থেকেই দিতেন শিক্ষার্থীদের।
‘হাসন রাজা আছো কেমন/ জানতে চায় রাধারমণ…।’ সংগীতের শাখা-প্রশাখা রপ্ত করতে এ প্রসঙ্গে বিদিত লাল দাস বলতেন, ‘সুর তো কথা থেকেই আসে। আবার কোনো কোনো সুর থেকে কথা বের হয়ে আসে, সিলেট অঞ্চলের মানুষের দুঃখগাথা আর ওলি-আউলিয়ার পদস্পর্শে ধন্য হয়েছে লোকসংগীত। কত কথা আর সুর ছড়িয়ে আছে। বাংলার লোকসঙ্গীত নিয়ে ভাবনা ছিল, ‘সংস্কৃতিতে বাংলাদেশকে বিশ্ব ভুবনে পরিচিত করে দেওয়ার একটাই মাধ্যম। আর সেটি হচ্ছে লোকগান। এ লোকগান রাষ্ট্রীয় সম্পদ। কিন্তু লোকগানের সঙ্গে জীবন কাটানো মানুষের, রাষ্ট্রীয় সম্মান বা পৃষ্ঠপোষকতা নেই। এ আক্ষেপ নিয়েই হয়তো আমাকে যেতে হবে।’
সিলেটে প্রতিষ্ঠানকেন্দ্রিক সংগীত শেখা নিয়ে বিদিত লাল দাসের ক্ষোভ ছিল। তাঁর কথায় ‘লোকসংগীতের ভান্ডার আমাদের এই সিলেট। অথচ আজও এখানে কোনো সাংস্কৃতিক কমপ্লেক্স বা একাডেমি গড়ে উঠেনি। হাসন রাজা একাডেমির দাবি কত যুগ ধরে উচ্চারিত হচ্ছে। কই কেউ তো এগিয়ে আসছে না। তাই আমি চাই আমার এ প্রতিষ্ঠানটি অন্তত এ কাজের কিছুটা হলেও করে যাক।’
এই ক্ষোভ থেকেই নিজ প্রতিষ্ঠানকে ঘিরে ছিল তাঁর বিভিন্ন পরিকল্পনা। যৌতুকপ্রথার মত বড় সামাজিক ব্যাধি নিয়ে কাজের পরিকল্পনা তারই অংশবিশেষ। এ প্রথার বিরুদ্ধে গানে গানে সচেতনতা তৈরির চেষ্টা ছিল তাঁর।
জীবন দশায় ‘সুরমাপারের গান’ নামে একটি বই রচনা করেন। ‘সুরমাপারের গান-২’ নামে আরেকটি বই প্রকাশের প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। নিজের প্রকাশিত গ্রন্থ প্রসঙ্গে তাঁর কথায়, ‘সময় বদলাচ্ছে, ভবিষ্যৎ কোথায় যাবে জানি না। গান ও সুর হারিয়ে যাওয়ার আশঙ্কার বিরুদ্ধে আমার বই একটি বড় শক্তি হয়ে থাকবে। এ জন্য প্রকাশনার দিকে মনোযোগী।’
এক সাক্ষাৎকারে গানের জীবন নিয়ে বলেন, ‘গানের আর সুরের মধ্যেই তো আছি। জীবনের ২৩ বছর বাদে বাকি ৫০ বছর আমার রুটিন জীবন আর সুরে-গানে একাকার অবস্থায় কাটছে। যতদিন পারি সুরের সুরায় থাকবো।’
সিলেটে হাসন রাজার উপর একটি কলেজ-বিশ্ববিদ্যালয় অথবা মরমীকবিদের নিয়ে একটি সংগ্রহশালা করার স্বপ্ন নিয়ে ২০১২ সালের ৮ অক্টোবর শেষ নি:শ্বাস ত্যাগ করেন বাংলাদেশের বাউল সঙ্গীতের অন্যতম এই দিকপাল।
সুত্র :
- প্রথম আলো
- ফেসবুক
- ইন্টারনেট
বাঙালীয়ান/এমএ/জেএইচ

