আটটি বাম দল মিলে নতুন জোট গঠিত হয়েছে, বুধবার ঢাকার পুরানা পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে নতুন ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠনের এই ঘোষণা দেওয়া হয়।
জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন এই জোটের শরীক রয়েছে। সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “আন্দোলনের স্বার্থে ভোটে আমরা অংশগ্রহণ করতে পারি, বয়কটও করতে পারি।”
নতুন জোটের পক্ষ থেকে তিনটি কর্মসূচির ঘোষণা করা হয়। এগুলো হল- ‘দুঃশাসন, জুলুম, দুর্নীতি-লুটপাটতন্ত্র ও পরিবারতন্ত্র’ প্রতিরোধে ২৪ জুলাই ঢাকাসহ সারাদেশে সমাবেশ। ‘ভোটাধিকার নিশ্চিত’ করার দাবিতে ৪ আগস্ট মতবিনিময় সভা। ছয়টি বিভাগীয় শহরে সভা, সমাবেশ ও মিছিল।
সংবাদ সম্মেলনে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক উপস্থিত ছিলেন।
জোট পরিচালনা পদ্ধতির বিষয়ে সাইফুল হক বলেন, “জোটে একজন সমন্বয়ক থাকবেন। প্রতিটি দল থেকে দুজন প্রতিনিধি নিয়ে জোটের কেন্দ্রীয় পরিষদ গঠিত হবে। শরিক দলগুলো থেকে ঘূর্ণায়মান পদ্ধতিতে তিন মাসের জন্য একজন সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।”
