২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মারা যান বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গোটা বিশ্বের ইতিহাসে এমন লেখক খুব কমই এসেছেন যারা মানুষের এমন ভালোবাসা পেয়েছেন। এ কথা নিঃশঙ্কচিত্তে বলে দেয়া যায় হুমায়ূন আহমেদ এ-শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যেরপথিকৃৎ। এর বাইরেও তুমুল জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবে তিনি সমাদৃত। তিনি লিখেছেন তিন শতাধিক গ্রন্থ। হুমায়ূন আহমেদের বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে। বেশ কিছু গল্প/প্রবন্ধ বাংলাদেশের স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত।

হুমায়ূন আহমেদ নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে কিছুদিন কর্মরত ছিলেন।

হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে (১৯৭২)। সত্তর দশকের থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। তাঁর সৃষ্ট হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের তরুণ পাঠক শ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। বাংলা সাহিত্যের উপন্যাস শাখায় অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্যে অপরিসীম অবদানের জন্য ১৯৯৪ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে।

হুমায়ূন আহমেদ (ছবি: ইন্টারনেট থেকে)

২০১১-এর সেপ্টেম্বের মাসে সিঙ্গাপুরে ডাক্তারী চিকিৎসার সময় তাঁর দেহে ক্যান্সার ধরা পড়ে। ১২ দফায় তাঁকে কেমোথেরাপি দেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের পর তাঁর কিছুটা শারীরিক উন্নতি হলেও, শেষ মুহূর্তে শরীরে ভাইরাস আক্রমণ করায় তার অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। কৃত্রিমভাবে লাইফ সাপোর্টে রাখার পর ১৯ জুলাই ২০১২ তারিখে হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন। তাকে নুহাশ পল্লীতে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সারা বাংলাদেশে সকল শ্রেণীর মানুষের মধ্যে অভূতপূর্ব আহাজারির সৃষ্টি হয়। তাঁর মৃত্যুর ফলে বাংলা সাহিত্য ও চলচ্চিত্র অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়ছে তা আজও পূরণ হয়নি।

 

মৃত্যুর অর্ধযুগ পরেও হ‌ুমায়ূন আহমেদের প্রকাশকরা বলছেন, তার নতুন বা পুরনো সব গ্রন্থই এখনো সর্বোচ্চ বিক্রিত বইয়ের তালিকায় স্থান করে নেয়। হ‌ুমায়ূন আহমেদের ১১৭টি বইয়ের প্রকাশক অন্যপ্রকাশের কর্ণধার মাযহারুল ইসলাম আমাদের জানিয়েছেন, মৃত্যুর ৬ বছর পরেও তার বই কিনতে পাঠকরা উদগ্রীব থাকেন। পুরনো বইও মুদ্রণের পর মুদ্রণ শেষ হয়ে যাচ্ছে। প্রতিনিয়তই নতুন নতুন পাঠক তৈরি হচ্ছে।

 

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট