বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় ট্রলার অনুপ্রবেশ বন্ধ করা ও জলদস্যু মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতিসহ মৎস্যজীবীরা। শনিবার (৪ আগস্ট) সকাল ১০টায় পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, ট্রলার মালিক জহিরুল হক চিনু, ছগির হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতারা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম মৎস্যজীবীদের সঙ্গে এসময় একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের জলসীমায় ভারতীয় ট্রলার প্রবেশ করে পাথরঘাটার কাছে এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশি জেলেরা প্রতিবাদ করলেই তাদের মারধর করা হয় এবং ট্রলার ডুবিয়ে দেয়া হয়। ভারতীয় জেলেরা বাংলাদেশি জলসীমার অবৈধভাবে ধরার কারনে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। এছাড়া সুন্দরবন কেন্দ্রিক স্বশস্ত্র জলদস্যু বাহিনী নতুন করে নির্যাতন, অপহরণ এবং মুক্তিপণ আদায় জেলেদের নিঃস্ব করে দিচ্ছে। তাই অবিলম্বে জলদস্যুদের তৎপরতা বন্ধ করতে ও ভারতীয় ট্রলার অনুপ্রবেশ বন্ধ করার জন্য নৌবাহীনি, কোস্টগার্ড ও র্যাবের নিয়মিত যৌথ অভিযানের দাবি জানান তারা।
