নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন একটি অবৈধ সংগঠন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়।
ইনসুর আলী বলেন, নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন একটি অবৈধ সংগঠন। শ্রম আইন এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, একটি ট্রেড ইউনিয়নে প্রতি ২ বছর পরপর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি নির্বাচিত করার কথা। অথচ নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন সংগঠনটি তা করেনি।’
ওই সংগঠন অবৈধ এবং ওই সংগঠনের নেতারাও অবৈধ দাবি করে তিনি বলেন, ‘তারা দীর্ঘ ৮ বছর ধরে অবৈধভাবে ওই সংগঠনটি চালাচ্ছে। সংগঠনটিতে আওয়ামী লীগের মাত্র দুইজন প্রতিনিধি রয়েছে। বাকিরা অন্য পার্টির।’
সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি বলেন, ‘সারা দেশে নিবন্ধিত ৩৫ লাখ ৩৬ হাজার ৩৭০টি পরিবহন থেকে এসব শ্রমিক নেতাদের নামে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় চলছে। ঢাকার চারটি বাস টার্মিনালের এক হাজার গণ-পরিবহন রয়েছে। ঢাকা মহানগরের আশপাশে চলাচল করা পাঁচ হাজার গণপরিবহন ও ঢাকা অভ্যন্তরে পাঁচশত হিউম্যান হিলার থেকে ৭০০/- হারে দৈনিক দেড় কোটি টাকা অবৈধভাবে চাঁদা আদায় করে শ্রমিক নেতারা আঙুল ফুলে কলাগাছে রূপান্তরিত হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং এই খাতে চাঁদাবাজি বন্ধে ১২ দফা দাবি পেশ করা হয়।