পলাশী যুদ্ধের পর বাংলার মানুষকে দীর্ঘস্থায়ীভাবে শোষণ করার জন্য ইংরেজরা নানা ধরনের পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে থাকে। এজন্য ইংরেজরা প্রথমে তাদের দালাল গোষ্ঠী তৈরী করে নেয়।  এরা বেশির ভাগই ছিল সুবিধাবাদী। দালালদের নানাবিদ সুযোগ সুবিধা দিয়ে গোটা ভারতবাসীকে শাসন-শোষণ করার ভিত্তি পাকাপোক্ত করে নেয় ইংরেজরা। তারা সাম্প্রদায়িক দাঙ্গার বীজ বপন করে হিন্দু-মুসলমানের সম্প্রীতি ভেঙ্গে দেয়। ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ধ্বংস করে কেরানী বানানোর জন্য, শিক্ষানীতিসহ বিভিন্ন নীতি বাস্তবায়ন করতে থাকে।

বাংলার স্বাভাবিক অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙ্গে ফেলার জন্য ইংরেজরা তাদের স্বার্থের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থা চালু করে। যে কারণে এক পর্যায়ে কৃষকরা ধান, পাট ও সব্জির পরিবর্তে নীলচাষ করতে বাধ্য হয়। কোনো কৃষক নীলচাষ করতে অবাধ্য হলে তার স্ত্রী-কন্যাকে ধরে নিয়ে ওরা নিপীড়ন, নির্যাতন ও ধর্ষণ করে মৃত্যুমুখে ছেড়ে দিত । আর যার স্ত্রী-কন্যা থাকতো না, তাকে অথবা তার ছেলেকে ধরে হাতের আঙ্গুল কেটে দিত। এ রকম শত শত পাশবিক, লোমহর্ষক, নৃশংস, জঘন্য কর্মকাণ্ড ইংরেজরা নিরীহ বাঙ্গালীর উপর চালিয়েছে।

পলাশী যুদ্ধের (১৭৫৭) তিন বছর পর ১৭৬০ সালে কোম্পানির শোষণ ও অপশাসনের হাত থেকে মুক্তির লক্ষ্যে সনাতন অধিকার ও সুবিধাবঞ্চিত মানুষের সমন্বয়ে জ্বলে ওঠে এক ফকির সন্ন্যাসী বিদ্রোহের আগুন। উত্তরবঙ্গে, বিশেষ করে রংপুরে এ বিদ্রোহ কালক্রমে ব্যাপক রূপ ধারণ করে।বৃটিশ বিরোধী এ আন্দোলনের নেতৃত্বদানকারী অকুতোভয় এক বিপ্লবী সেনানীর নাম ফকির মজনু শাহ্। আধ্যাত্মিক ও মাদারিয়া তরিকার সুফি সাধক ফকির মজনু শাহ্ দীর্ঘ ছাবিবশ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অবিরাম যুদ্ধে লিপ্ত ছিলেন তিনি।  বৃটিশ শাসন, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে ও পরাধীনতার শিকল ভাঙার দুর্বার ও অপ্রতিরোধ্য জিহাদে পরিণত হয় বাংলার জনপদ।

অকুতোভয় বিদ্রোহী ফকির মজনু শাহ্

মজনু শাহ ছিলেন মেওয়াটের অধিবাসী। তাঁর প্রথম জীবন সম্পর্কে কিছুই জানা যায়নি। তাঁর প্রকৃত নামও অজ্ঞাত। মজনু শাহ নামেই তিনি পরিচিত। জানা যায় মজনু শাহ সাধারণত দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বালিয়াকান্দিতে বসবাস করতেন। বগুড়ার মাদারগঞ্জে তাঁর একটি অস্থায়ী নিবাসও ছিল। তাঁর জন্মস্থান নিয়ে মতবিরোধ থাকলেও তার আন্দোলনের প্রধান ঘাঁটি ছিল বগুড়া, রংপুর, দিনাজপুর এবং ভাওয়াল ও মধুপুর গড়। এসব অঞ্চল এখনও তার আন্দোলনের স্মৃতি বহন করে আছে। তার আন্দোলন ছিল ধর্মীয় ও রাজনৈতিক। বৃটিশদের বিরুদ্ধে যখন কেউ কথা বলতে সাহস পায়নি, তখনই তিনি সিংহের মতো গর্জে উঠে বৃটিশ শাসনের বিরুদ্ধে মহাপ্রতিরোধ রচনা করেছিলেন। কখনও মজনু শাহ বুরহানা, আবার কখনও বা মজনু ফকির নামে তাঁর উল্লেখ পাওয়া মজনু শাহ বাংলায় বিহার ভিত্তিক মাদারিয়া সুফি তরিকার নেতা শাহ সুলতান হাসান সুরিয়া বুরহানার মৃত্যুর পর আঠারো শতকের মধ্যভাগে এ তরিকার নেতৃত্ব লাভ করেন। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তাঁর সংগ্রামে সুফি দরবেশ ও যোগী সন্ন্যাসীদের ঐক্যবদ্ধ করেন। তিনি বিহারের পশ্চিমাঞ্চল থেকে বাংলার পূর্বপ্রান্ত পর্যন্ত অবিরাম সফর করে এ অঞ্চলের ফকির ও সন্ন্যাসীদের ঐক্যবদ্ধ করেন। ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে তিনি অত্যন্ত সফলভাবে বাংলার বিভিন্ন পেশাজীবী শ্রেণি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লাভে সক্ষম হন। কোম্পানি শাসনের বিরুদ্ধে তাঁর সশস্ত্র সংগ্রামে তিনি প্রকাশ্য যুদ্ধ ও গেরিলা যুদ্ধে পঞ্চাশ হাজারেরও অধিক সংখ্যক ফকির ও সন্ন্যাসীদের সংঘবদ্ধ করতে সক্ষম হন।

মোঘল শাসনের শেষদিকে ভারতের বিভিন্ন অঞ্চলে সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। কালক্রমে এই সন্ন্যাসী ও ফকিরগণ কারিগর ও কৃষকে পরিণত হয়। তবে কৃষকে পরিণত হলেও ফকিরগণ রঙিন আলখাল্লা এবং সন্ন্যাসীরা কফিন পরিধান করতো। এই ফকির ও সন্ন্যাসীদের একটি বড় অংশ ময়মনসিংহ, ভাওয়াল পরগণা ও উত্তরবঙ্গে বসবাস শুরু করে। উত্তরবঙ্গে বসবাসকারী ‘মাদারী’ সম্প্রদায়ভুক্ত ফকিরগণ কৃষি কাজের পাশাপাশি দরগাহ্ ও তীর্থ ক্ষেত্রগুলোতে দল বেঁধে ঘুরে বেড়াতো।
১৭৫৮ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সন্ন্যাসী ও ফকিরদের তীর্থ ভ্রমণ ও ধর্মানুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার কর ধার্য করতে থাকে। ১৭৫৮ সাল থেকে ১৭৬৩ সাল পর্যন্ত এই ৬ বছরে মুর্শিদাবাদের ক্ষমতাহীন নবাব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির উৎপীড়ন-শোষণে সাধারণ কৃষক, কারিগর ও ফকির সন্ন্যাসীগণ সর্বস্বান্ত-নিঃস্ব হয়ে পড়ে।
এ সর্ম্পকে প্রখ্যাত ইংরেজ লেখক রেজিনাল্ড রেনল্ডস (Reginald Reynolds) তার বিখ্যাত গ্রন্থ ‘ÔWhite Shalibs in India’ (পৃষ্ঠা-৫৪)তে লিখেছেন, ‘এই ছয় বছরের দুঃশাসনে জগৎবিখ্যাত মসলিনের কারিগরদের এক-তৃতীয়াংশ  বনে-জঙ্গলে পলায়ন করেছিল।’
মসলিন কাপড়ের তুলা কার্পাসের জন্য বিখ্যাত গাজীপুরের কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ এবং ময়মনসিংহ অঞ্চলের অনেক কৃষক, কারিগর, ফকির-সন্ন্যাসীগণ ভাওয়াল ও মধুপুরের বন-জঙ্গলে আশ্রয় নিয়েছিল। ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে নিষ্পেষিত এসব কৃষক ও কারিগরগণ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন।

বৃটিশ লেখক উইলিয়াম হান্টার তার Annals Of Rural Bengal (P-70) গ্রন্থে বলেন, ‘এই কৃষক, কারিগর, ফকির-সন্ন্যাসীদের  বিদ্রোহে উজ্জীবিত হয়ে মোঘল সাম্রাজ্যের ধ্বংসপ্রাপ্ত সেনাবাহিনীর বেকার ও বুভুক্ষু সৈন্যগণও বৃটিশ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ করেছিল।
ডব্লিউ হান্টার এবং ও’ম্যাল (W. Hunter And O, Malley) তাদের বিখ্যাত গ্রন্থদ্বয়  Annals Of Rural Bengal এবং History Of British Rule (P-107) এ বলেন, ‘বিদ্রোহীদের সংখ্যা একসময় ৫০ হাজারে উন্নীত হয়েছিল।’

১৭৬০ সালে বর্ধমান জেলার সন্ন্যাসীরা সর্বপ্রথম বৃটিশদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। ১৭৬৩ সালে মজনু শাহ এবং ফকিরদের নেতৃত্বে ইংরেজ কোম্পানীর ব্যবসা-বাণিজ্যের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। তাঁর সঙ্গে ভবানী পাঠকের নেতৃত্বে হিন্দু সন্ন্যাসীগণও যোগ দেয়ায় এ বিদ্রোহ ব্যাপকতর রূপ লাভ করে। ১৭৬৩ সালে ফকির বিদ্রোহীরা বরিশাল এবং ঢাকায় ইংরেজদের কোম্পানীর কুঠি আক্রমণ করে দখল করে নেন। ১৭৬৩, ১৭৬৪ সালে ফকির সিপাহীগণ রাজশাহীর রামপুর বোয়ালিয়ায় ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর বাণিজ্য কুঠি আক্রমণ করে। এ বাণিজ্য কুঠিগুলো শুধুমাত্র জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের বাজার ছিল না, এগুলো ছিল অস্ত্রের কেল্লাও। ওই সময় থেকে ঢাকাসহ বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর, রাজশাহী, জলপাইগুড়ি, পুর্ণিয়া, কুমিল্লা, চট্টগ্রাম, বর্ধমান, বীরভূম, মেদিনীপুর ও যশোর জেলায় ফকির-সন্ন্যাসীদের আক্রমণের তীব্রতা ছিল মারাত্মক। ১৮০০ সাল পর্যন্ত তা চলে প্রায় অব্যাহতভাবে।

।।বাঙালীয়ানা ডেস্ক।।

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট