নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান দাবী করেছেন তার পদত্যাগে সমস্যার সমাধান হবে না। এছাড়া তিনি বলেছেন তার মতে তিনি এই সেক্টরে থাকার কারণেই দুর্ঘটনা কমানোর ব্যাপারে ভূমিকা পালন করতে পারছেন।
আজ সোমবার সচিবালয়ে বাস চাপায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
গতকাল বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের চাপায় একাধিক শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসিমুখে ভারতের একটি উদাহরণ টেনে বক্তব্য দেয়ায় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন মন্ত্রী। এসময় অনেকেই তাকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের আহ্বান জানান। কিন্তু কোনভাবেই পদত্যাগের বিষয়টি আমলে নিচ্ছেন না মন্ত্রী।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী, ‘দুর্ঘটনা ঘটলেই যে আমার পদত্যাগ অনেকে দাবি করেন, আমি তাঁদের অনুরোধ করব, আপনারা যদি কেউ প্রমাণ দিতে পারেন বা বলতে পারেন আমি গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আমি চলে যাবো। আমার চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। এর আগেও শহীদ মিনারে পদত্যাগ দাবি করা হয়েছিল। পদত্যাগ সমস্যার সমাধান নয়।’
