“আমি ওদের বলেছি একটি সেফ রিক্সা বানাও যেখানে আমার প্রেগনেন্ট মেয়েরা উঠলে মিসক্যারেজ হওয়ার ভয় থাকবে না । আমার ছাত্ররা বলে, স্যার গাড়ী বানাই? আমি বলি হতে পারে কিন্তু রিক্সার থেকে খুব বেশী দাম হওয়া চলবে না এবং সাসপেনসন সিস্টেম হতে হবে ভালো, যাতে নিরাপত্তা ঝুঁকি না থাকে।” – বলছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোকলজি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোঃ খলিলুর রহমান ও তার কিছু শিক্ষার্থীর বানানো নতুন এক ধরণের বিশেষ গাড়ির কথা।

হরেক রকমের সংকট আর টানাটানি লেগেই আছে। টাকা-পয়সা নেই, নেই প্রয়োজনীয় কাঁচামাল, এমনকি নেই পর্যাপ্ত কাজের পরিবেশ। উদ্ভাবনী নতুন কিছু বানানোর পর সেটা আদৌ প্রচারের আলোয় এসে দেশের কাজে লাগাতে পারবে কি না, জানে না এই তরুণেরা। কাজ করে চলেছে তবুও তারা, এক দিকে পড়াশোনা, সাথে সাথে ইলেকট্রনিক বিভিন্ন বিষয় নিয়ে টুকিটাকি কাজকারবার। সব প্রতিকূলতাকে এক পাশে রেখে স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল অদম্য তরুণ আর তাদের নানা ভাবে সহায়তায় করছেন অধ্যাপক খলিলুর রহমান।

এর আগে যুক্তরাষ্ট্রের মার্স সোসাইটির আয়োজনে ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ‘ব্র্যাকইউ মঙলতরী’ প্রোজেক্টের উপদেষ্টা হিসেবে ছিলেন খলিলুর রহমান। এছাড়া দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’ এর উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি। এই মুহুর্তে নতুন এই প্রোজেক্ট নিয়ে কাজ করছেন খলিলুর রহমান ও ব্র্যাকের শিক্ষার্থীরা। এই ব্যাপারে তিনি বাঙালীয়ানাকে বলেন, ‘আমি আমার ছাত্রদের নতুন এক ধরণের প্যাসেঞ্জার রিক্সা বানাতে বলেছিলাম। তারা আরো নতুন ও উদ্ভাবনী চিন্তাধারা দিয়ে কম খরচে প্যাসেঞ্জার কার বানাচ্ছে। এই তরুণদের প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের মাঝে থাকা সুপ্ত প্রতিভাকে বের করে আনার লক্ষ্যেই কাজ করে চলেছেন তিনি। এর মধ্য দিয়ে যেমন তারা নিজেরা শিখতে পারছে, বাইরের দেশে গিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারছে এবং একই সাথে দেশকে নতুন কোনো উদ্ভাবন উপহার দিয়ে দেশকে এগিয়ে নিতে সহায়তা করছে।’ তিনি আরো বলেন, ‘আমি আশা রাখি, আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বের অটোমোবাইলস সেক্টরে বাংলাদেশের নাম উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে স্বপ্নাতুর এই তরুণদের হাত ধরে।’ সবশেষে সার্বিক সহায়তার জন্য তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সূত্র:

তালুকদার নাজমুস সাফিন, মাইক্রোবায়োলজী, ব্র্যাক ইউনিভার্সিটি।

মন্তব্য করুন (Comments)

comments

Share.