সড়কে হত্যা যেনো কিছুই নয়। বেপরোয়া গতিতে যান চালানোয় সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। আজ কুমিল্লায় ট্রাক চাপায় প্রাণ হারালো এক স্কুল ছাত্রী।
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত আকলিমা স্থানীয় গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় আরোও দুইজন আহত হয়। আহত দু’জন ওই স্কুলেরই দশম শ্রেণির ছাত্র মেহেদী ও ছাত্রী তামান্না। ঘটনার পর স্কুলের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা স্কুল ছুটির পর রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বালুবাহী একটি ট্রাক ওই শিক্ষার্থীদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ওই স্কুলের এক শিক্ষার্থী মারা যায় ও বাকী দুইজন গুরুতর ভাবে আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যায় সেখানে থাকা লোকজন। মেহেদী ও তামান্নাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুল থেকে বের হয়ে চালককে গ্রেফতার ও বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যায়।

