বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (Tarasankar Bandyopadhyay) তাঁর জন্ম হয়েছিল আজকের দিনে ২৩ জুলাই , ১৮৯৮ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের  বীরভূম জেলায় লাভপুরের জমিদার পরিবারে । তাঁর বাবা-মায়ের নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় ও প্রভাবতী দেবী। তাঁরা দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং সততা, ধর্মভাব, ভক্তি ও বিশ্বাস তিনি পেয়েছিলেন মায়ের কাছ থেকে। যদিও পরবর্তী জীবনে এ সব বিশ্বাস নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্ব ও জিজ্ঞাসা তার মনকে আলোড়িত করেছিল । প্রগতিশীল চিন্তার শরিক হয়েছিলেন। তারাশঙ্করের বাল্যজীবন কাটে গ্রামের পরিবেশেই, পড়াশোনা শুরু গ্রামের স্কুল থেকে।Tarashankar

তারাশঙ্কর লাভপুরের যাদবলাল হাই স্কুল থেকে ১৯১৬ সালে এন্ট্রান্স (প্রবেশিকা) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজে এবং পরে সাউথ সুবার্বন কলেজে (এখনকার আশুতোষ কলেজ) ভর্তি হন। সেন্ট জেভিয়ার্স কলেজে  ইন্টারমিডিয়েট পড়ার সময় অসহযোগ আন্দোলনে যোগ দেন তিনি। স্বাস্থ্যভঙ্গ এবং রাজনৈতিক কার্যকলাপের কারণে তাঁর পক্ষে বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে ১৯৩০ খ্রিস্টাব্দে গ্রেপ্তার হন। ১৯৩২ সালে তিনি প্রথমবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করেন। এই সালেই প্রকাশ পায় তাঁর প্রথম উপন্যাস “চৈতালী ঘূর্ণি” ।

তারাশঙ্কর ১৯৪২-এর বীরভূম জেলা সাহিত্য সম্মেলনের সভাপতিত্ব করেন এবং পরে ফ্যাসিবিরোধী লেখক ও শিল্পী সংগঠনের সভাপতি হন। তিনি ১৯৭০ সালে বঙ্গীয় সাহিত্য-পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ।

তারাশঙ্কর কংগ্রেসের কর্মী হয়ে সমাজসেবামূলক কাজ করেন এবং এর জন্য তিনি কিছুদিন জেল খাটেন। একবার তিনি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও হয়েছিলেন। ১৯৫২ খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের বিধান পরিষদের সদস্য হন ।

তিনি সামগ্রিক সাহিত্য জীবনের মধ্যে রচনা করেছেন ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পগ্রন্থ, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী এবং ২টি ভ্রমণ কাহিনী।

তাঁর লেখায় বিশেষ ভাবে পাওয়া যায় বীরভূম-বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বোষ্টম, বাউরি, ডোম, গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা। এই অঞ্চলের মাটি ও মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনচিত্র, স্বাধীনতা আন্দোলন, যুদ্ধ, দুর্ভিক্ষ, অর্থনৈতিক বৈষম্য, ব্যক্তির মহিমা ও বিদ্রোহ, সামন্ততন্ত্র-ধনতন্ত্রের দ্বন্দ্বে ধনতন্ত্রের বিজয় ইত্যাদি তাঁর উপন্যাসের বিষয়বস্ত্। প্রথম জীবনে কিছু কবিতা লিখলেও কথাসাহিত্যিক হিসেবেই তারাশঙ্করের প্রধান খ্যাতি। শরৎচন্দ্রের পরে কথাসাহিত্যে যাঁরা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন, তারাশঙ্কর ছিলেন তাঁদের একজন।

ছোট বা বড় যে ধরনের মানুষই হোক না কেন, তারাশঙ্কর তাঁর সব লেখায় মানুষের মনস্তত্বের  নানা বিচিত্র রূপ ফুটিয়ে তুলেছেন, যা তাঁর লেখার সবচেয়ে বড় গুন। সামাজিক পরিবর্তনের বিভিন্ন চিত্র তাঁর অনেক গল্প ও উপন্যাসের বিষয়। সেখানে আরও আছে গ্রাম জীবনের ভাঙনের কথা, নগর জীবনের বিকাশের কথা, পরিবর্তনের অভিঘাতে মানবিক মূল্যবোধ বদলের কাহিনী। মানবচরিত্রের নানা জটিলতা ও নিগূঢ় রহস্য তাঁর উপন্যাসে জীবন্তভাবে প্রকাশ পেয়েছে। তিনি নিজে জমিদারবংশের সন্তান হয়ে কাছ থেকে দেখেছেন কীভাবে জমিদারি ক্রমশ বিলুপ্ত হয়; পাশাপাশি নব্য ধনিক শ্রেণির উদ্ভব ঘটে এবং দিকে দিকে কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তখন একদিকে চলছিল গ্রাম্য সমাজের ভাঙন, অন্যদিকে শহরজীবনের বিকাশ। সমাজের এ নীরব পরিবর্তন তাঁর রচনায় নিখুঁতভাবে প্রতিফলিত হয়েছে। তারাশঙ্কর প্রায় দুশ গ্রন্থ রচনা করেন। সেগুলির মধ্যে চৈতালী ঘূর্ণি (১৯৩২), জলসাঘর (১৯৩৮), ধাত্রীদেবতা (১৯৩৯), কালিন্দী (১৯৪০), গণদেবতা (১৯৪৩), পঞ্চগ্রাম (১৯৪৪), কবি (১৯৪৪), হাঁসুলি বাঁকের উপকথা (১৯৪৭), আরোগ্য নিকেতন (১৯৫৩) ইত্যাদি উল্লেখযোগ্য।

তাঁর ছোটগল্পগুলি গভীর ও মর্মস্পর্শী।  বেদে,  পটুয়া, মালাকার, লাঠিয়াল, চৌকিদার,  বাগদী, বোষ্টম,  ডোম ইত্যাদি সাধারণ মানুষের জীবনচিত্র তাঁর গল্পে দক্ষতার সঙ্গে অঙ্কিত হয়েছে। ‘রসকলি’, ‘বেদেনী’, ‘ডাকহরকরা ’ প্রভৃতি তাঁর প্রসিদ্ধ  ছোটগল্প।

তারাশঙ্করের উপন্যাস, গল্প ও নাটক নিয়ে চল্লিশটিরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে। সত্যজিৎ রায়ও  তারাশঙ্করের জলসাঘর এবং অভিযান উপন্যাসের সফল চিত্ররূপ দিয়েছেন। তাঁর যেসব রচনা চলচ্চিত্রে রূপায়িত হয়েছে সেগুলির মধ্যে আছে:

জলসাঘর(১৯৫৮ খ্রিঃ) ও অভিযান(১৯৬২) (সত্যজিৎ রায় পরিচালিত) , অগ্রদানী (পলাশ বন্দ্যোপাধ্যায পরিচালিত়) , আগুন , আরোগ্য নিকেতন (বিজয় বসু পরিচালিত), উত্তরায়ণ , কবি , কান্না , কালিন্দী (নরেশ মিত্র পরিচালিত), গণদেবতা (তরুণ মজুমদার পরিচালিত),  চাঁপাডাঙার বউ , জয়া , ডাকহরকরা , দুই পুরুষ ,  ধাত্রীদেবতা (কালীপ্রসাদ ঘোষ পরিচালিত), ফরিয়াদ , বিচারক , বিপাশা , মঞ্জরী অপেরা , রাইকমল , শুকসারী, হারানো সুর (সুশীল মজুমদার পরিচালিত), সপ্তপদী (অজয় কর পরিচালিত), হার মানা হার মহাশ্বেতা উপন্যাস অবলম্বনে (সলিল সেন পরিচালিত), হাঁসুলীবাঁকের উপকথা (তপন সিংহ পরিচালিত)।

১৯৬২ খ্রিস্টাব্দে তারাশঙ্কর ভারত সরকারের পদ্মশ্রী ও ১৯৬৮ খ্রিস্টাব্দে পদ্মভূষণ  উপাধিতে ভূষিত হন। এছাড়াও তিনি পেয়েছেন শরৎস্মৃতি পুরস্কার (কলকাতা বিশ্ববিদ্যালয়), জগত্তারিণী স্মৃতিপদক (কলকাতা বিশ্ববিদ্যালয়), রবীন্দ্র পুরস্কার ও  সাহিত্য অকাদেমী পুরস্কার (আরোগ্য নিকেতনের জন্য), এবং জ্ঞানপীঠ পুরস্কার গণদেবতার জন্য। ১৯৫৭ খ্রিস্টাব্দে তিনি চীন সরকারের আমন্ত্রণে চীন ভ্রমণে যান। এর পরের বছর তিনি অ্যাফ্রো-এশিয়ান লেখক সঙ্ঘের কমিটি গঠনের প্রস্ততিমূলক সভায় যোগদানের উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন গমন করেন। এর পর তিনি তাসখন্দে অনুষ্ঠিত অ্যাফ্রো-এশিয়ান লেখক সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এই জনপ্রিয় কথাসাহিত্যিক আমাদের ছেড়ে চলে গেছেন , ১৯৭১ খ্রীষ্ঠাব্দের ১৪ সেপ্টেম্বরে। বাংলা সাহিত্যের ইতিহাসে তাঁর অবদান অপরিসীম।

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট