“রাজা তোর কাপড় কোথায়” প্রশ্ন করবার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী চলে গেলেন। মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, সকালে দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৯৪।
বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন নীরেন্দ্রনাথ। সম্প্রতি অধিকতর শারীরিক অসুস্থতায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, সোমবার সকালে তাঁর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়। সর্বশেষ এই ধাক্কাটি তিনি আর কাটিয়ে উঠতে পারেননি।

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ছবি সংগৃহীত
ছোটবেলা থেকেই ছড়া লিখতেন নীরেন্দ্রনাথ। ১৯৫৪ সালে তিরিশ বছর বয়সে প্রকাশ পায় তাঁর প্রথম কবিতার বই ‘নীল নির্জন’। এরপর একে একে প্রকাশ পায় ‘অন্ধকার বারান্দা’, ‘নিরক্ত করবী’, ‘নক্ষত্র জয়ের জন্য’, ‘আজ সকালে’… অজস্র কবিতার বই। পেয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি। ১৯৯০-এ বিশ্ব কবি সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। একটা সময়ে ‘দেশ’ পত্রিকায় বেশ কিছু ছোটগল্প লিখেছেন। সেই লেখাও পাঠক মহলে সাড়া ফেলে দিয়েছিল। তাঁর লেখা কবিতা ‘অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল…’ বা ‘রাজা তোর কাপড় কোথায়…’ বাঙালীর কাছে রীতিমতো প্রবাদে পরিণত হয়েছে।
বাঙালীয়ানা/এসএল