এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ এবং আফগানদের কাছে হেরে বাজে পারফরম্যান্সের পর শ্রীলঙ্কার ক্রিকেটে অদল বদলের ঝড়ের আভাস আগেই পাওয়া গিয়েছিলো। সেই অদল বদলের প্রথম শিকার হলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস যা শ্রীলংকান ক্রিকেট বোর্ডের নির্দেশেই হয়েছে।
রবিবার, ২৩ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ম্যাথুসকে দায়িত্ব টেস্ট দলের অধিনায়ক দিনেশ চান্দিমালের হাতে দায়িত্ব তুলে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেই দায়িত্ব সামলাবেন চান্দিমাল। কিন্তু এই খবরের রেশ কাটতে না কাটতেই জানা গেল যে, ম্যাথুস শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার কাছে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে জানিয়েছেন তিনি বিশ্বাসঘাতকটার শিকার হয়েছেন।
সেই চিঠিতে ম্যাথুস জানিয়েছেন,
‘গত ২১ সেপ্টেম্বর শুক্রবার এসএলসিতে এক বৈঠকে নির্বাচকমণ্ডলী এবং জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে উপস্থিত ছিলেন। তাঁরা আমাকে শ্রীলঙ্কার ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেন। তাৎক্ষণিকভাবে বিস্মিত হয়েছি এবং আমার মনে হয়েছে, এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে গোটা শ্রীলঙ্কা দলের বাজে পারফরম্যান্সের খেসারত হিসেবে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে। আমি দায় নিতে প্রস্তুত তবে শুধু আমার ওপর দায় চাপালে সেটি বিশ্বাসঘাতকতা এবং আমাকে সরানোর চেষ্টা বলেই মনে হয়।’
ম্যাথুস তাঁর চিঠির পরের লাইনে টেনে এনেছেন নির্বাচকমণ্ডলী এবং দলের হেড কোচের প্রসঙ্গ। ‘আপনি জানেন, নির্বাচকমণ্ডলী এবং হেড কোচের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাই হারের দায় শুধু অধিনায়কের ওপর চাপানো উচিত—এই যুক্তির সঙ্গে আমি একমত নই। যদিও নির্বাচকমণ্ডলী ও হেড কোচ আমাকে সরে দাঁড়ানোর যে কথা বলেছেন, তা আমি মন থেকেই সম্মান করি।’
বাঙালীয়ানা/আরসি/জেএইচ