২০১৯ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯১তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সন্মানজনক আসর ‘অষ্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ এর আসন্ন আসরে এবার ভারত থেকে মনোনীত হয়েছে ‘ভিলেজ রকস্টার্স’। ভারতের আসাম প্রদেশ থেকে এই ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা রিমা দাস।
চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আয়োজনে ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ ক্যাটাগরির জন্যে মনোনীত হয়েছে ‘ভিলেজ রকস্টারস’। নির্মাতা রিমা দাস এই প্রাপ্তিতে দারুণ খুশী এবং উচ্ছ্বসিত।
এটি মূলত আসামের আঞ্চলিক ভাষায় নির্মিত একটি ছবি হলেও অস্কারে লড়বে বিদেশী ভাষার সিনেমা হিসেবে। ‘ফিল্ম ফেডারেশ অব ইন্ডিয়া অফিসিয়াল’ আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম, টুইটারে এক টুইট বার্তায় পরিচালক রিমা দাস নিজের সিনেমা অস্কারে অংশগ্রহণের জন্য মনোনীত হওয়ার খবরে আবেগাপ্লুত হবার কথা জানিয়েছেন। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে আমার ছবিটি ভারতের প্রতিনিধিত্ব করবে। এমন খবর শোনার পর গর্বে আমার চোখে জল চলে এলো।”
ধুনু নামের এক গ্রামের কিশোরীর গল্প তুলে ধরা হয়েছে ‘ভিলেজ রকস্টার্স’ সিনেমায়। যে কিশোরী অভাব আর দারিদ্রের সঙ্গে লড়াই করে প্রতিনিয়ত। কিন্তু সে স্বপ্ন দেখে রকস্টার হওয়ার। সে যোগ দেয় ছেলেদের এক খুদে ব্যান্ড দলে। একসময় তার রকস্টার হওয়ার স্বপ্নে অভাব, দারিদ্র্যতা আর বাধা হয়ে দাঁড়াতে পারে না।
ছবিটিতে কেন্দ্রিয় দুই চরিত্রে অভিনয় করেছেন ভানিতা দাস এবং মানবেন্দ্র দাস। সিনেমাটি ২০১৮ সালে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ৮৭ মিনিটের এই ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ