বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনকালীন সময়ে গুজব মোকাবিলায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার, নির্বাচনের আগে ও পরে ইন্টারনেটের গতি কমিয়ে আনা, মোবাইল ব্যাংকিং বন্ধ, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ওপর বিশেষ নজর রাখার সুপারিশ করা হয়েছে।
নির্বাচনের দিন সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে কড়াকড়ি আরোপ, ভোট চলাকালীন সময় কেন্দ্রের গোপন কক্ষে গণমাধ্যমের ছবি তোলা, ভিডিও গ্রহণ ও সরাসরি সম্প্রচার যেন না করতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ সংক্রান্ত আলোচনা হয়েছে বলে সভায় উপস্থিত পুলিশ ও ইসির একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে।
এ সভায় ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ, মোবাইল নেটওয়ার্ক এর গতি কমানো, ভোটের দু’দিন আগে ইন্টারনেটের গতি ফোরজি থেকে টুজিতে কমানো, ভোট কেন্দ্রের ৪০০ গজের ভেতরে গণমাধ্যমকর্মীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করতেও আলোচনা হয়।