হলিউডের সাড়া জাগানো ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালকদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন । জিম্মিদশা নির্ভর অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটির নাম রাখা হয়েছে ‘ঢাকা’। এতে প্রধান নায়কের ভূমিকায় থাকবেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ ।
কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন রুশো ভ্রাতৃদ্বয়। নেটফ্লিক্সের জন্য নির্মিত হবে ছবিটি। ছবিতে দেখা যাবে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে হেমসওর্থের চরিত্রটি। প্রেক্ষাপট ঢাকা হলেও হলিউডের অনলাইন ম্যাগাজিন ডেডলাইন জানিয়েছে, ছবিটির শুটিং হবে ভারত ও থাইল্যান্ডে। তবে ঢাকায় কেন রুশোরা কাজ করবেন না তা নিয়ে কিছু জানা যায়নি।

অ্যান্থনি রুশো ও জো রুশো (বাঁ থেকে)
ক্রিস হেমসওর্থ ছাড়াও ‘ঢাকা’ ছবিতে অভিনয় করবেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছবির অন্যতম অভিনেতা ক্রিস ইভানস। ছবির গল্প লিখেছেন প্রযোজক দুই ভাই জো ও অ্যান্থনি। তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র ব্যানারে নির্মিত হবে এ ছবি।
‘ঢাকা’ পরিচালনা করবেন স্যাম হারগ্রেভ। ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’ ছবিতে ক্রিস ইভান্সের ডামি হিসেবে কাজ করেছেন তিনি। এরপর রুশো ভাইদের পরিচালনায় ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ স্টান্ট সমন্বয়ক ছিলেন তিনি। আর ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির সেকেন্ড ইউনিট পরিচালকের দায়িত্ব দেওয়া হয় তাকে।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ ছবির কিছু অংশের দৃশ্য ধারণ হয় চট্টগ্রামের ভাটিয়ারির জাহাজ ভাঙা অঞ্চলে। তখন খুব গোপনীয়তার মধ্য দিয়ে পরিচালক জস হোয়েডন ও নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিও কাজ করেছে বাংলাদেশে।
নভেম্বর মাসে শুটিং শুরু হয়ে ২০১৯ সালের মার্চ পর্যন্ত চলবে ‘ঢাকা’ ছবির শুটিং। ভারত ছাড়া ইন্দোনেশিয়াতেও ছবিটির শুটিং হবে।
সূত্রঃ হলিউড রিপোর্টার
বাঙালীয়ানা/টিএইচ/এসএল