নির্বাচনে ভোট গ্রহণ চলছে

Comments

রোববার, ৩০ ডিসেম্বর, ২০১৮, সকাল ৮টা থেকে সারা দেশের ৩০০ সংসদীয় আসনের ২৯৯টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৩৯টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের নেতৃত্বে মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নামে দুটি রাজনৈতিক জোটের ব্যানারে এক ডজনেরও বেশি দল নির্বাচনের মাঠে রয়েছে। বাম দলগুলিসহ মোট ৩৯টি দল অংশগ্রহণ করছে এ নির্বাচনে।

দশ বছর পর প্রথম বারের মত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এই নির্বাচনঅনুষ্ঠিত হচ্ছে। তবে ভোট নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে যেমন উৎসবের আমেজ বিরাজ করলেও একধরণের শঙ্কাও বিরাজ রয়েছে ভোটদাতাদের মনে।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভয় উপেক্ষা করে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। সেই সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২৭২ জন ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ২৮২ জন লড়ছেন। এর মধ্যে সরাসরি আওয়ামী লীগের দলীয় প্রার্থী ২৬০ জন ও বিএনপির ২৫৭ জন প্রার্থী রয়েছেন। দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করা বাকিরা জোটভুক্ত শরিক দলগুলোর। এই নির্বাচন জাতীয় ঐক্যফ্রট ও ২০ দলে থাকা ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকে লড়ছে। আর মহাজাট ও ১৪ দলীয় জোটে থাকা ৫টি দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। এছাড়া বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির ৭৪ জন প্রার্থী কাস্তে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর ৪৪ জন প্রার্থী মই এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২৮ জন প্রার্থী কোদাল প্রতীকে অংশ নিচ্ছে। ভোটের যুদ্ধে রয়েছে আরও কিছু ধর্মাশ্রয়ী দলও।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নিয়েছিল। ২০১৪ সালর ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপিসহ বেশিরভাগ দল বর্জন করে। ওই নির্বাচন আওয়ামী লীগসহ ১২টি দল অংশ নেয়। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২০০৮ সালের পর এবার সবকটি রাজনৈতিক দল অংশ নেওয়ায় এই নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের ওপর গুরুত্বারোপ করে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা এ নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.