ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা প্রতিহত করবে না বলে জানাতে বাধ্য হল। শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯, রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেয়। এর আগে সন্ধ্যায় সমাবেশ করে তারা মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা দেয়।
এ বিষয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমান কোন মন্তব্য করতে রাজি হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘কওমি ছাত্র ঐক্যপরিষদের জেলা শাখার নেতাদের সঙ্গে এবং জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী হুজুরের সঙ্গে আমাদের কথা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা খানও তাদের সঙ্গে আলোচনা করেছেন। আমারা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, যে এটা রাষ্ট্রীয় পোগ্রাম। তারা সর্বশেষ আমাদের সঙ্গে একমত হয়েছেন। আগামীকাল রবিবার কোনও ধরনের বিশৃঙ্খলা হবে না বলে তারা আমাদেরকে আশ্বস্থ করেছেন।’
এর আগে শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯, সন্ধ্যায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শহরের জামিয়া ইসলামীয়া মাদ্রাসা থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা করে। সভা থেকে আরও ঘোষণা দেওয়া হয়, রবিবার পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা প্রতিহত করার জন্যে ফজরের নামাজের পরই মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠে থাকবে। কোনোভাবেই মঙ্গল শোভাযাত্রা করতে দেওয়া হবে না।
বাঙালীয়ানা/এসএল