ব্যাটিং এ নেমে শুরুতেই ঝড় তুলেও বেশীদূর এগোতে পারেননি এবারের সিপিএল এর একমাত্র বাংলাদেশী মাহমুদুল্লাহ রিয়াদ।
টুর্নামেন্ট হার দিয়ে শুরু করা সেন্ট কিটস ও নেভিস দ্বিতীয় ম্যাচে জিতেছে ৪২ রানে। ২০৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডারস থেমে যায় ১৬১ রানে।
মাহমুদউল্লাহ ছয় নম্বরে নেমে ১০ বলে ১৬ রানের ছোট্ট ক্যামিও খেলেন একটি ছক্কা ও একটি চারের সাহায্যে। ঝড় তুলেও তা বড় করার আগেই তাকে বোল্ড করে ফেরান অফ স্পিনার সুনিল নারাইন।
কুইন্স পার্ক ওভালে বাংলাদেশ সময় রোববার সকালে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ডেভন টমাসের ফিফটিতে বড় সংগ্রহ গড়ে সেন্ট কিটস ও নেভিস। টমাস ৩৪ বলে করেন ৫৮ রানের ইনিংস।
শেষ দিকে ১৫ বলে ৫ ছক্কা ও ১ চারের সাহায্যে ৪১ রানের টর্নেডো ইনিংসে দলের সংগ্রহ দুইশ রানে নিয়ে যান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। এছাড়াও ওপেনার ক্রিস গেইল ৩০ বলে করেন ৩৫।
রান তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ত্রিনবাগো। তাদের ব্যাটসম্যানের মধ্যে ত্রিস মানরো (৩১) ও ড্যারেন ব্রাভো (৪১) যান দুই অঙ্কে। শেষের দিকে কেভন কুপারের (৪২*) ঝড়ো ব্যাটিংয়ে পরাজয়ের ব্যবধান কমায় দলটি।
মাহমুদুল্লাহ এক ওভার বোলিং করে পাঁচ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ।
