বিগত বছর গুলোতে বাংলাদেশের প্রায় সবখানেই সিনেমা হল ভেঙ্গে শপিং মল নির্মাণের হার বেড়েছে, কিন্তু সেখানে গড়ে উঠছে না বিকল্প কোনো ব্যবস্থা। এরই প্রেক্ষিতে একেবারেই ভিন্ন ধরনের কথা বলেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। ১৯ সেপ্টেম্বর, বুধবার যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গাঙচিল’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে উপস্থিত সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, যেখানে শপিংমল হবে সেখানেই সিনেমা হল থাকতে হবে। এটি বাধ্যতামূলক করা হোক।
মন্ত্রী আরো বলেন, “আমাদের দেশের চলচ্চিত্রের অবস্থার কথা না বললেই নয়। কারণ আমরা একটু খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সিনেমাহলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা শহরের। এমনকি ঢাকা শহরের বাইরেও। আমি সেদিন খুব ক্ষোভের সঙ্গেই বলেছি, গুলিস্তান এবং নাজ যে হলগুলোতে ছবি দেখে দেখে আমরা সময় কাটিয়েছি এবং পৃথিবীর মহৎতম সৃষ্টিগুলো এই হলে আমরা দেখেছি। এ হলগুলোই এখন বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি আমাদের জন্য অনেক কষ্টের।”
সিনেমা শিল্প অনেকটাই বাঁচিয়ে রেখেছেন আমাদের মা বোনেরা। তারা আজ হলে যেতে পারছেন না। কারণ হলে যাওয়ার পরিবেশ নেই। কিন্তু যেখানে সিনেপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু দর্শকরা ঠিকই হলে ছবি দেখতে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, তাই আমাদের নীতিনির্ধারক মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে আহ্বান করবো, “শপিংমলগুলোতে সিনেপ্লেক্স করা বাধ্যতামূলক করা হোক।”
‘গাঙচিল’ পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। উপন্যাসটির গল্প আবর্তিত হয়েছে বানভাসি মানুষের জীবন নিয়ে। ছবিটির মূখ্য তিন চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা, ফেরদৌস ও পূর্ণিমা।
ছবিটি প্রযোজনা করছে নায়ক ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস। আগামী নভেম্বরে শুরু হবে ছবির শুটিং।
বাঙালীয়ানা/টিএইচ/
আরো পড়ুন:
সিসিটিভি থেকে বড়পর্দার স্বপ্নের নায়ক