সব বাধা পেরিয়ে নির্বাচনে ইমরান এইচ সরকার

Comments

একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইমরান এইচ সরকার। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে করা তার আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনায় তিনি প্রার্থিতা ফিরে পেলেন।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ রোববার নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে দেয়। ইমরানের পক্ষে হাই কোর্টে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমির, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পর তানিয়া আমির সাংবাদিকদের বলেন, “ইমরান এইচ সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। আজকের আদেশের সত্যায়িত কপি পাঠাতে দেরি হতে পারে বলে আদালত অ্যাটর্নি জেনারেলকে বলেছেন, তিনি যেন বিষয়টি মৌখিকভাবে ইসিকে জানিয়ে দেন, বৈধ প্রার্থী হিসেবে ইমরানের মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচন কমিশন যেন তাকে নির্বাচনে অংশগ্রহেণর সুযোগ করে দেয়।”

ইমরান এইচ সরকার বলেন, ‘প্রথমে রিটার্নিং কর্মকর্তা আমরা প্রার্থিতা বাতিল করে। আপিল করলে নির্বাচন কমিশনও (ইসি) আমার প্রার্থিতা বাতিল করেছিল। পরে আমি হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট আমার প্রার্থিতা গ্রহণের জন্য ইসিকে নির্দেশ দেন ও আমাকে প্রতীক বরাদ্দেরও নির্দেশনা দিয়েছেন। এখন আমি আমার নির্বাচনী এলাকায় (কুড়িগ্রাম-৪) গিয়ে গণসংযোগে মনোযোগ দেব।’

এর আগে গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্রের সাথে নির্বাচনী এলাকার অন্তত ১ শতাংশ মানুষের স্বাক্ষর জমা দেন ইমরান এইচ সরকার। কিন্তু ক্রমিক নম্বরে ভুল থাকায় ১ শতাংশ সমর্থক দেখাতে ব্যর্থ হন তিনি। এরপর নির্বাচন কমিশন তার বাতিল হওয়া মনোনয়নপত্র নিয়ে আপিল শুনানি করে। মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষরের ক্রমিক নম্বরে ভুল থাকায় আপিলেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র নেন  ইমরান এইচ সরকার।

বাঙালীয়ানা/এসএস

মন্তব্য করুন (Comments)

comments

Share.