একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের আচরণ নিয়ন্ত্রণে সাংবাদিক নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ শাখা) এস এম আসাদুজ্জামানের স্বাক্ষরিত ওই নীতিমালায় সাংবাদিকদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এসব নীতিমালা অমান্য করলে বা নীতিমালার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট সংবাদ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাচনী আইন, বিধি ও কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতঃমধ্যেই নীতিমালাটি সংসদ নির্বাচনের সকল রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নীতিমালায় ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে ছবি তোলা, ভিডিও করা ও তথ্য সংগ্রহ করতে পারার কথা বলা আছে। তবে কোনোভাবেই গোপন কক্ষের ছবি সংগ্রহ কিংবা ধারণ করতে পারবেন না। এছাড়া একাধিক সাংবাদিক একই ভোটকেন্দ্রের একই ভোট কক্ষে একসঙ্গে প্রবেশ করতে পারবেন না এবং ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না। এতে আরও বলা হয়, সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচন কমিশন অনুমোদিত এবং অনুমোদনসূচক স্টিকারযুক্ত যানবাহন ব্যবহার করতে পারবেন। তবে মোটরসাইকেল ব্যবহার করার জন্য কোনো ধরনের স্টিকার ইস্যু করা হবে না।
নির্দেশনায় বলা হয়, নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এজন্য ভোটকেন্দ্রের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের বিশেষ কার্ড সরবরাহ করা হবে। রিটার্নিং কর্মকর্তারা তাদের সংশ্লিষ্ট এলাকার কার্ড দেবেন। রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে সংশ্লিষ্ট উপজেলার সাংবাদিকদের কার্ড প্রদানের ক্ষমতা দিতে পারবেন। এছাড়া ঢাকা থেকে যেসব সাংবাদিক দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি সংবাদ সংগ্রহ করতে যাবেন, তাদের কার্ড নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে।
নির্দেশনায় আরও বলা হয়, ভোটকেন্দ্রে সাংবাদিকরা প্রিজাইডিং অফিসারের আইনি নির্দেশ মেনে চলবেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ করতে পারবেন না। কোনো ধরনের নির্বাচনি উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না।
এ নির্দেশনায় বলা হয়েছে— সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভোটগ্রহণের দিনসহ বিভিন্ন সময়ে সাংবাদিকরা যেন সহজে ও নির্বিঘ্নে নির্বাচনি সংবাদ সংগ্রহ করতে পারেন, সেজন্য সহযোগিতার প্রয়োজন। তবে তা অবশ্যই নির্বাচনের সময়, ভোটগ্রহণ ও ভোট গণনার সময় প্রযোজ্য বিধিনিষেধ মেনে করতে হবে।
বাঙালীয়ানা/এসএল