সাঁকো ও সাক্ষাৎকার
১
এই তো ছিলে…
বিছানার ওপারে তোমার নিভে আসা আলো।
পরিপাটি সংলাপ, ঘামে ভেজা বোতাম, উশখুশে চাউনি
সব খুলে রেখে গেছো
গুছিয়ে রেখেছি।
এক্সপায়ারি ডেইট চলে গেছে, জেনেও…

২
এপারে কুমীর-ডাঙার চৌকাঠ,
কলিংবেলটা বাজার আগে যেমন একটা অপেক্ষা দরজার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে,
ঠিক তেমন করেই দাঁড়িয়ে আছি এখনো…
আমি আর নিষেধ-সীমা।।

৩
ওপারে আমার স্বর পৌঁছায় না,
শূন্যের ভিতর দাগ কেটে যায় সবুজ সাইরেন,
আঙুলের ডগা অসাড় হয়ে আসে,
কর গুনে ডেকে যায় সময়ের নামতা,
কাটাকুটি ঘরে বারবার বেজে যায় বোবা রিংটোন।।

৪
গাছটা মরে গেছে জেনেও রোজ জল দিই,
বন্ধ্যা জঠরের বলিরেখায় অতীত ছায়া ফেলে,
ঘোলাটে চোখে এখনও মাটিগুলো কাজল এঁকে রাখে,
এপারে ভোর হয় না,
শুধু ছুটে যায় দিন, দিন থেকে রাত…
আরো রাত।।

৫
সাজঘরের আয়নায়, আমার সাথে মহড়া দেওয়া সংলাপগুলো লিখে এসেছি,
চলতি পালায় ওগুলো আওড়ে দিতে পারলেই
কেল্লাফতে…
হাততালির বারিষে
এপার আর ওপারের মাঝের পথটা ক্রমশ ডুবে যায়, ডুবে যায়…
ঘুমের সাঁকো দুলে ওঠে।।

৬
সহজ অপেক্ষার মতো গৃহপালিত আগুন
কঠিন চোয়ালের নিচে নিভে আসে,
ওপারের গল্পের ভাতে ফ্যান উথলানো মচ্ছব,
এপারে চাল বাড়ন্ত…
মাঝে ধোঁয়া ওঠা উত্তাপ ক্রমশ উদ্বায়ী হতে হতে
শিখে নিচ্ছে শীতলতার পাঠ।

৭
আঙুলে আঙুলে কথা বলা সময়েরা
এখন ন্যাড়া ছাদে জং ধরা শিকের মতোই অকেজো,
তবু রংবেরঙের আমি আর তুমিরা এখানে হাওয়ায় দোল খায়,
বিন্দু থেকে বিন্দু ছুঁয়ে থাকে শক্ত গিঁট,
সুতোর পাকে পাকে জড়িয়ে থাকে ঘূর্ণিকাল
বৃত্তেরা ফিরে আসে, ফিরে যায়…

৮
সেতুর ওপর কারা আজ ওড়াচ্ছে মখমলি রুমাল,
খুব নরম, প্রথম চুমুর মতো
নেশা, নেশা তুমি চাঁদ ছিঁড়ে খাও,
মুঠোর ভেতর আঁকড়ে ধরো
খসে পড়া নক্ষত্রের আঁচল…
ঠোঁটময় গুটিপোকার চাষ
মখমলি প্রসবকাল।

৯
ফিরে এলে সেই,
এপারের গলিতে আর জল জমে না
তোমার আকাশে আজ বহুদিন পরে মেঘ
চোখে রক্ত জবা, ধ্যানস্থ অব্যয়ের মতই অচল দৃষ্টি।
তবু, বৃষ্টি কড়া নেড়ে ফিরে গেছে,
সেতু লিখে রাখে আসন্ন নিম্নচাপের খসড়া…

১০
কফিতে শেষ চুমুকটা দিয়ে টানটান মেরুদন্ডটা নিয়ে উঠে দাঁড়ালো সাঁকো।
এ-পার আর ওপারের হাত ধরে দরজা অবধি গিয়ে
ঘুরে তাকালো,
ক্যামেরা অফ, পেন ক্লান্ত, কাগজ উড়ছে।
বৃষ্টির ঠোঁটে আগুন চাপা হাসি,
মেঘের চোখে জল…
এঁটো কাপ, লিপস্টিকের ছাপ, কিছু মোচড়ানো ন্যাপকিন।
আর
একটা সাক্ষাৎকার।।
লেখক:
সুমনা পাল ভট্টাচার্য
কবি, বাচিকশিল্পী, সঙ্গীত ও নৃত্যশিল্পী, কলকাতা