ঐতিহ্য অনুযায়ী পহেলা বৈশাখ ভোরে নতুন সূর্য উদয়ের সাথে সাথে বাংলা নতুন বছর ১৪২৭-কে বরণ করে নিলাম আমরা।
সময়টা বড় আনন্দের নয়। রমনার বটমূলে ছায়ানট নেই, চারুকলায় মঙ্গল শোভাযাত্রা নেই, মেনুতে পান্তা ইলিশ নেই, নতুন কাপড়, বাতাসা, খৈ, গরম জিলাপি, ঢাক, ঢোল নেই, নেই মানুষের মুখে হাসি।
থমথমে যখন শহর, গ্রাম, পাড়া, মাঠ-ঘাট কালের নিয়মে ঠিক তখনই এসে পড়েছে একটা নতুন বছর। এত নেইয়ের মাঝেও এসেছে আমাদের নববর্ষ। ১৪২৭ বঙ্গাব্দ। যা কিছু নতুন, অদেখা, অজানা, তাকে নিয়ে মানুষের আশা থাকে, স্বপ্ন থাকে, থাকে দোলাচল।
তেমনই চারদিকে মৃত্যুভয়, যন্ত্রণাক্লিষ্ট অসুস্থ শরীর, উদ্বিগ্ন মনোজগত। কিন্তু জীবন তো স্থবির নয়। সময় অনড় নয়। এগিয়ে চলার মন্ত্রে তাই নতুন বছরকে বরণে আড়ম্বর নাই বা হলো। আশা, ভালবাসা, স্বপ্ন থাক না হয়ে আমাদের আজকের অনাড়ম্বর দিনে আগামী সুর্যের আলোকধারা।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
সম্পাদক