নরসিংদীর মাধবদীতে দুদিন যাবৎ অভিযান শেষে নিলুফা ভিলায় অবস্থান নেয়ে সন্দেহভাজন দুই নারী জঙ্গি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন বলে অভিযানে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।
এর মাধ্যমে কোনো রক্তপাত ছাড়াই দীর্ঘ ৪১ ঘণ্টার অপেক্ষার অবসান ঘটল। বুধবার, ১৭ অক্টোবর, বেলা পৌনে ৩টার দিকে কালো বোরখা পরা ওই দুই নারী জঙ্গি কে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় পুলিশের একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে তোলা হয়। সে সময় তাদের মাথায় হেলমেট পরানো ছিল।
পুলিশ জানায়, সাত তলা ভবনের পঞ্চম তলায় একটি কক্ষের দেয়াল ভেঙে পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করেন। পরে সেখানে ওই দুই নারী আত্মসমর্পণে রাজি হন।
এর আগে সকাল থেকেি মাধবদী পৌরসভার ছোট গদাইরচরের সাত তলা ওই ভবনের আশপাশের এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। নিলুফা ভিলার ৫০০ গজের মধ্যে জারি হয়েছিলো ১৪৪ ধারা।
এলাকাটি ঘনবসতিপূর্ণ বলে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। আশপাশের কয়েকটি মার্কেটের দোকানপাট এবং পাঁচটি ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বেলা পৌনে ১২টার দিকে বলেন, “ভেতরে কমপক্ষে দুজন ‘জঙ্গি’ রয়েছে, তাদের কাছে কিছু বিস্ফোরক আছে বলে আমরা জানি। তবে সেটা কি পরিমাণ সে ব্যাপারে সুনির্দিষ্ট করে বলতে পারব না। তাদের চলাফেরায় কিছু প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি, এ থেকে ধারণা করছি তাদের কাছে ক্ষুদ্রাস্ত্রও থাকতে পারে। তাদের পরিচিতি পেয়েছি, কিন্তু যাচাই বাছাই করা সম্ভব হয়নি।… তারা টেরর সংগঠনেরই। আগে যে অভিযান হয়েছে সেটার সাথে এরা কানেকটেড।”
“তাদের অভয়দানের চেষ্টা করছি। যেহেতু তারা এখন পর্যন্ত মানুষ খুন করার মত কোনো অপরাধে জড়িত হয়নি, আমরা এমন রেকর্ড পাইনি, সেহেতু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যতটা লঘু করা যায় সে আশ্বাস দিয়েছি। আইনগতভাবে সহায়তা করব এটাও বলেছি। কিন্তু তারা আমাদের কথার কোনো জবাব দিচ্ছে না। তাদের চলাফেরায়, আচরণে কিছু একটা প্রস্তুতির আভাস পাচ্ছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। নেগোশিয়েটিং স্কিল আছে এমন লোকজন আমরা ঢাকা থেকে নিয়ে এসেছি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব সোয়াটের মত অপারেশন যেন না করতে হয়।”
নিলুফা ভিলার মালিকের নাম হাজী মো. আফজাল হোসেন।
বাঙালীয়ানা/এআর/জেএইচ