নব্বইয়ের দশকের বহু নাটক ও সিনেমার পরিচিত মুখ জনপ্রিয় অভিনয় শিল্পী সালেহ আহমেদ মারা গেছেন।
বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯, বেলা আড়াইটায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। অভিনেতা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। বছর ছয়েক আগে স্ট্রোক করার পর তিনি হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলেন।
শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার সালেহ আহমেদকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
সালেহ আহমেদের মরদেহ বিকালে উত্তরখানের বাসায় নেওয়া হবে। সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বগুড়ার সারিয়াকান্দির সন্তান সালেহ আহমেদ ১৯৯১ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাকুরি থেকে অবসরে যাওয়ার পর পুরোপুরি অভিনয়ে মন দেন। এক সময় মঞ্চ নাটকের সঙ্গে যুক্তছিলেন। চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা। স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন। এখনও টেলিভিশন দর্শকদের মনে ধারাবাহিক ‘অয়োময়’ নাটককে তার অভিনয় রেখাপাত করে।
‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার দাপুটে পদচারণা শুরু করে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’, ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রেও তিনি অভিনয় করেন। অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক।
বাঙালীয়ানা/এসএল