বুকারজয়ী লেখক ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়ের যে আলোচনা অনুষ্ঠান মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হওয়ার কথা ছিল তার অনুমতি ঢাকা মেট্রোপলিটান পুলিশ বাতিল করেছে। ‘ছবিমেলা’ এ অনুষ্ঠানটির আয়োজক। ফেসবুক পোস্টে ছবিমেলার পক্ষ থেকে এ খবর জানানো হয়।
ছবিমেলা আরও জানিয়েছে কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় এখন সেই “আটমোষ্ট এভরিথিং” আলোচনা অনুষ্ঠান মাইডাস সেন্টারে মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯, সন্ধ্যে ৬ টায় অনুষ্ঠিত হবে।
এর আগে ছবিমেলার ফেসবুক পোস্টে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য তাদের আলোচনাটি ‘অনিবার্য কারণবশত’ অনুমতি প্রত্যাহার করেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম “অনিবার্য কারণবশত অনুমতি দেওয়া যাচ্ছে না” এমন নির্দেশনা তিনি পেয়েছেন বলে জানান।

২৮ ফেব্রুয়ারী, ২০১৯, এ শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’ চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। এই উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯, ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো অরুন্ধতীর।
উল্লেখ্য, দৃক গ্যালারী ও পাঠশালা ২০০০ সাল থেকে “ছবিমেলা” আয়োজন করে আসছে। দ্বিবার্ষিক আন্তর্জাতিক ফটোগ্রাফির এ উৎসব বাংলাদেশের অন্যতম বৃহৎ “আন্তর্জাতিক ইভেন্ট” এবং এশিয়ায় এটাই ছিল এ ধরণের প্রধান উদ্যোগ।
বাঙালীয়ানা/এসএল