আগামী ২৯ -৩১ অক্টোবর, ২০১৮ চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি একাদশ বনাম জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচটিকে সামনে রেখে ২৪ অক্টোবর, ২০১৮ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে বড় চমক হিসেবে দেখা যায় শাহাদাৎ হোসেনের নাম।
বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১৫ সালে খেলা এ ক্রিকেটার সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগের এক ম্যাচে ফতুল্লায় চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দুর্দান্ত বল করে ম্যাচে ৮ উইকেট শিকার করে মন জয় করেছেন নির্বাচকদের। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর আবারও বিসিবির অধীনস্থ কোনো দলে জায়গা পেয়েছেন তিনি।
শাহাদাৎ হোসেনের চমকের মাঝে আসন্ন প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে ডাক পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে ৫০-ওভারের প্রস্তুতি ম্যাচে ১৯ রান খরচায় ৫ উইকেট শিকার করা আরেক পেসার এবাদত হোসেন। সেই সাথে ওয়ানডে দলে থাকা ফজলে মাহমুদ রাব্বি, নাজমুল হোসেন শান্ত, আবু হায়দার রনি, রুবেল হোসেনরাও রয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পাওয়ার সম্ভাবনা থাকা ওপেনার মিজানুর রহমানকেও রাখা হয়েছে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দলে। একই সাথে টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগও থাকছে মোসাদ্দেক হোসেন, আরিফুল হকদের সামনে।
প্রসঙ্গত, একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ৩ অক্টোবর, ২০১৮ থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট সিলেটে অনুষ্ঠিত হওয়ার পর সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ঢাকায়।
তিন দিনের প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ: ফজলে মাহমুদ রাব্বি, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও শাহাদাত হোসেন রাজীব।
বাঙালীয়ানা/এইচকে/জেএইচ