গ্রাম্য আবহের গল্পকার হিসেবে আলোচিত নাট্য ব্যক্তিত্ব বৃন্দাবন দাসের গল্পে নির্মাতা দীপু হাজরা নির্মাণ করছেন ঈদের বিশেষ নাটক ‘ভাগের মা’। গাজী টিভির ঈদ অনুষ্ঠানমালায় দেখা যাবে এই নাটকটি।

‘ভাগের মা’ নাটকের অভিনয় শিল্পীরা। (ছবি- সংগৃহিত)
‘ভাগের মা’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শাহনাজ খুশী, নাদিয়া আহমেদ, শিরিন আলম, মাসুদ রানা মিঠু, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, মাসুদ হারুন সহ আরও অনেকে। গাজী টিভিতে নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় বিরতিহীনভাবে দেখা যাবে।
গল্পে দেখা যাবে, লেকু ও ছেকু দুই ভাই। পাশাপাশি ঘরে বসবাস হলেও বাড়ী ও জমিজমা নিয়ে দু’পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ছোটভাই লেকু চায় বাড়ির উঠানে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা হয়ে যেতে। প্রস্তুতিও চলে সেভাবে। কিন্তু বাধ সাধে ছেকু।
তিনি কোনভাবেই এটি চান না। অবশেষে গ্রামের লোকজনের মধ্যস্থতায় সম্পদের ভাগাভাগির বিষয়টি সমাধান হয়। কিন্তু তাদের মায়ের দায়িত্ব কে নেবেন? এ নিয়ে তৈরি হয় নতুন সমস্যা। তাহলে কি মাকেও জমিজমার মতো ভাগ করা হবে? কে ই বা নেবে তার দায়িত্ব? এ নিয়ে চলতে থাকে সিদ্ধান্তহীনতা। এ ভাবেই এগিয়ে চলে ‘ভাগের মা’ নাটকের গল্প।
বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ