মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে অভিযুক্ত হওয়ার পর ফেসবুকে নিষিদ্ধ হন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং। এবার তার রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘ভিকে’ পেজটিও ব্লক করা হয়েছে।
‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ থেকে ভিকে’র একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ব্যবহারকারীদের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়ায় জেনারেল মিন অং হ্লাইয়াং’র ১০ হাজার ফলোয়ারের পেজটি স্থায়ীভাবে ব্লক করে দেয়া হয়েছে।
ভিকে কতৃপক্ষ আরো জানিয়েছে, আমরা বার্মিজ ভাষার প্রোফাইলগুলো মনিটর করতে দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য আমরা বার্মিজ ভাষার মডারেটর নিয়োগ দিয়েছি। আমাদের মডারেশন টিম ভিকে’র নিয়ম পরিপন্থী পোস্টগুলো ডিলিট করে দেবে।
সেন্ট পিটার্সবার্গ ভিত্তিক এই কোম্পানি অবশ্য মিয়ানমারের সেনাবাহিনীর অন্য অ্যাকাউন্টগুলো চালু রেখেছে। এসব অ্যাকাউন্টের বিষয়ে জানতে চাইলে তারা কোনও জবাব দেয়নি।
বাঙালীয়ানা/আরসি/জেএইচ