হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহার উদ্দেশে ছেড়ে যায় একটি ফ্লাইট। ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকায় উড্ডয়নের পরে আবার ফিরে আসতে হয়েছে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমানকে। ২২ অক্টোবর, সোমবার রাতে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বিমান বন্দরের ভেতরের এই খবরটি জানায়।
সূত্রমতে, রাত ৮ টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর কিউআর ৬৩৫ কাতারের দোহার উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটিতে যাত্রীর সংখ্যা ছিল তিন শতাধিক। তবে উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকায় সেটি ফিরে এসে রাত ৯টা ৪০ মিনিটে জরুরি অবতরণ করে। অবতরণ নিরাপদ ছিল এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও জানায় সূত্রটি।
বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ