রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ

Comments

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিশ্বব্যাপী বেপরোয়া সাইবার হামলার অভিযোগ করেছে যুক্তরাজ্য। একই সাথে রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও একই অভিযোগ এনেছে। অধিকন্তু, রাশিয়ার বিরুদ্ধে তারা ২০১৬ সালে ইউএস ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির তথ্য হাতানোর অভিযোগও আনে।(সূত্রঃ সিএনএন)

বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮, ব্রিটিশ পররাষ্ট্র সচিব জেরেমি হান্ট এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাজ্যের সাইবার সিকিউরিটি সেন্টার’ সাইবার হামলার পিছনে রাশিয়ার জিআরইউ ইন্টেলিজেন্স সার্ভিসের সংশ্লিষ্টতা পেয়েছে। এসব সাইবার হামলা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরণের ক্ষতির কারণ।’

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও তাদের নিজস্ব সিকিউরিটি ইন্টেলিজেন্সের বরাত দিয়ে একই অভিযোগ এনেছে রাশিয়ার বিরুদ্ধে। তারা তাদের রাজনীতি, ব্যবসা, মিডিয়া এবং ক্রীড়া প্রতিষ্ঠানে একই ধরণের সাইবার হামলার প্রমাণ পেয়েছে বলে দাবী করেছে দেশ দুটি।
উল্লেখ্য, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ‘ফাইভ আই’স ইন্টেলিজেন্স শেয়ারিং এলায়েন্স’ নামক একটি যৌথ সাইবার সিকিউরিটি এলায়েন্সের সদস্য রাষ্ট্র। যার অন্য দুটি সদস্যদেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা।

একই বিবৃতিতে জেরেমি হান্ট রাশিয়ান জিআরইউ এর কর্মকান্ডকে বেপরোয়া এবং বাছবিচারহীন উল্লেখ করে বলেন, এদের উদ্দেশ্য অন্যদেশের অভ্যন্তরীণ ব্যাপার যেমন নির্বাচন, ব্যবসা প্রভৃতি বিষয়ে হস্তক্ষেপ করা। এমনকি, তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নে রাশিয়ান নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানেরও ক্ষতিসাধন করতে প্রস্তুত।’

প্রসঙ্গত, প্রকাশিত বিবৃতিতে দেশগুলি, ২০১৬ সালে আমেরিকার জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তারে ইউএস ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির তথ্য হাতানো, ২০১৭ রাশিয়ান নিউজ এজেন্সিগুলোতে রেনসামওয়্যার এটাক, ২০১৬ সালে বিশ্ব এন্টি ডোপিং এজেন্সির (ডব্লিওএডিএ) এথলেটদের গোপনীয় ফাইল চুরির পিছনে জিআরইউ’র সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে।

এই অভিযোগের প্রেক্ষিতে ক্রেমলিন এর কোন বক্তব্য না থাকলেও শুরু থেকেই রাশিয়ান নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারসহ বিশ্বব্যাপী সাইবার হামলার সকল অভিযোগ অস্বীকার করে আসছে।

বাঙালীয়ানা/জেএইচ/এজে

মন্তব্য করুন (Comments)

comments

Share.