শিল্পকলায় ‘কিনু কাহারের থেটার’

Comments
১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে পরিবেশিত হতে যাচ্ছে নাটক ‘কিনু কাহারের থেটার’। প্রাচ্যনাট আয়োজিত এই নাটকের রচয়িতা মনোজ মিত্র। নির্দেশনায় আছেন তৌফিকুল ইসলাম ইমন। সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল হলে শুরু হবে নাটকটি।

শিল্পকলায় 'কিনু কাহারের থেটার'

এই নাটকের কাহিনী প্রসঙ্গে জানা যায়, পুতনা রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে। লাট সাহেব বললেন, “এর যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব”। রাজা পড়লেন মহাসংকটে। উজির তার প্রাণের দোসর, তাকে কি করে চোদ্দ ঘা চাবুক মারতে আদেশ দিবেন তিনি? উজিরকে বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে, যে আদালতে এসে সাক্ষ্য দিবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে, তাই সাজাও তারই প্রাপ্য।

চার থলি টাকার বিনিময়ে ঘন্টাকর্নের বৌ জগদম্বা উজিরের হাতে তুলে দিল তার স্বামীকে। তারপর ঘন্টাকর্ণের বাড়ির দুয়ারে যত চোর, ডাকাত, দাগী আসামীর লাইন, থলি থলি টাকা নিয়ে সবাই দাঁড়িয়ে, অপরাধ করে তারা আর সাজা ভোগ করে ‘সাজা খেকো অফিসার’ ঘন্টাকর্ন। জগদম্বা খুশি তার স্বামী কামাই করতে শিখেছে, রাজা খুশি ক্ষমতা টিকে যাওয়ার আনন্দে। উজির খুশি দেশে আর কোন আইনের সংকট নেই। চারিদিকে শান্তি, শান্তি ,শান্তি। কিন্তু এভাবে যদি দিন যেত তাহলে তো কথাই ছিল না। হঠাৎ একদিন রাজা ফেঁসে গেলেন ছাগল হত্যার দায়ে। লাট সাহেবের বুদ্ধির প্যাঁচে রাজার হল ফাঁসির আদেশ। রাজা বললেন, ভয় কি, আমার তো মাস মাইনের চাকুরে ঘন্টাকর্ন আছেই, ‘নে রে বাপ ঘন্টাকর্ন, উঠে পর ফাঁসি কাষ্ঠে’। তারপর?

এমন কাহিনিকে উপজীব্য করে এগিয়েছে প্রাচ্যনাটের প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’।

মঞ্চ রিঙ্কন সিকদার, আলোক আবুল হাসনাত ভুঁইয়া রিপন, সহকারী নির্দেশনায় আছেন মনিরুল ইসলাম রুবেল এবং প্রাচ্যনাট সংগীত দল রয়েছেন সংগীত ও ধ্বনি’র দায়িত্বে।
উল্লেখ্য, ‘কিনু কাহারের থেটার’ এর প্রথম মঞ্চায়ন হয় ১৮ সেপ্টেম্বর, ২০০৮ সালে।

বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.