সম্প্রতি বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে আর সে তালিকায় বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার পরিবার এসেছে। ফোর্বস ম্যাগাজিনের সূত্রমতে, জুলাই পর্যন্ত হিসাবে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তার পরিবারের সম্পদের পরিমাণ ৯১ কোটি ডলার। আর সেই সম্পদ নিয়ে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় এ বছর আজিজ খানের নাম রয়েছে ৩৪ নম্বরে।

ছবিসুত্রঃ forbes.com
রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে আজিজ খান বলেন, “বাংলাদেশের শেয়ারবাজার অনেক ছোট, আর আমাদের বিনিয়োগের জন্য আরও অনেক বেশি অর্থ প্রয়োজন। সিঙ্গাপুর একটি বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হচ্ছে।ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য এটি একটা ভালো জায়গা।”
সামিট গ্রুপের সামিট পাওয়ার সম্প্রতি যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক (জিই) এবং জাপানের মিৎসুবিশি করপোরেশনের সঙ্গে মিলে বাংলাদেশে ৩০০ কোটি ডলার বিনিয়োগের সমঝোতা চুক্তি করেছে। এর আওতায় দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার চারটি বিদ্যুৎকেন্দ্র, দুটি এলএনজি টার্মিনাল, একটি তেলের টার্মিনাল এবং একটি এইচএফওভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।
