১৪তম ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ বাংলাদেশি নির্মাতা সুবর্ণা সেঁজুতি টুসি’র ছবি ‘মীনালাপ’ গ্রাঁ-প্রি পুরস্কার পেয়েছে। গত ৬ জুলাই শেষ হলো ১৪ তম ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কাজাখস্তানের অ্যাস্তানায় ১ থেকে ৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় এ উৎসব। স্বল্পদৈর্ঘ্য বিভাগে মীনালাপ গ্রাঁ-প্রি পুরস্কার জিতে নেয়।
এশিয়ার পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব ‘ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশন স্বীকৃত। এই প্রথম উপমহাদেশের কোনো নির্মাতার চলচ্চিত্র এই উৎসবে পুরস্কৃত হয়েছে। পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসি জানান, “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মীনালাপ, আশায় আবর্তিত শহুরে নিঃসঙ্গ জীবনের মুহূর্তগুলো নিয়ে”। সেঁজুতি আরো জানান, ছবিটির গল্প গড়ে উঠেছে বাঙালি এক দম্পতিকে ঘিরে। ভাগ্যের অন্বেষণে ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম থেকে পরিবারটি পুনে শহরে চলে যায়। সেখানে এক গার্মেন্টস কারখানায় এই দম্পতি কাজ নেয়। নতুন শহরে তাদের নতুন সংগ্রাম, নতুন আশা, নতুন স্বপ্ন। প্রথম স্বামী ও স্ত্রী থেকে মা-বাবা হওয়ার পূর্ব মুহূর্তগুলো উঠে এসেছে চলচ্চিত্রে।
পুনে ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষার্থী সেঁজুতি টুসি ডিপ্লোমা ফিল্ম হিসেবেই মীনালাপ নির্মাণ করেছেন। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিতাস দত্ত, প্রমিত দত্ত, বিবেক কুমার এবং দেভাস দীক্ষিত।
সেঁজুতি টুসি এর আগে আরও কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ২০১১ তে ‘জাদু মিয়া’, ২০১৪ তে ‘পারাপার’ ও ২০১৮ তে ‘পুকুরপার’ নির্মাণ করেন সেঁজুতি টুসি।


